...|...|...

লাইফস্টাইল

কলা দ্রুত পেকে যাওয়া ঠেকাতে যেভাবে সংরক্ষণ করবেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩৩
Shares
কলা দ্রুত পেকে যাওয়া ঠেকাতে যেভাবে সংরক্ষণ করবেন

কলা সংরক্ষণের সঠিক উপায়। ছবি: এআই জেনারেটেড

বাজার থেকে আনার কয়েক দিনের মধ্যেই কলা অতিরিক্ত পেকে নরম হয়ে যায়। তবে সঠিকভাবে সংরক্ষণ করলে কলার সতেজতা আরও কয়েক দিন ধরে রাখা সম্ভব। এর অন্যতম সহজ উপায় হলো কলা ঝুলিয়ে রাখা।

কলার দ্রুত পাকার পেছনে বড় ভূমিকা রয়েছে ইথিলিন গ্যাসের। এটি এক ধরনের প্রাকৃতিক ‘ফল পাকানোর হরমোন’। কলা পাকতে শুরু করলে ইথিলিন উৎপাদন বাড়ে, আর এই গ্যাসের মাত্রা যত বাড়ে, কলাও তত দ্রুত পাকতে থাকে। ফলে একটি কলা বেশি পেকে গেলে আশপাশের অন্য কলাগুলোও দ্রুত পাকার প্রবণতা দেখা যায়।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির প্ল্যান্ট মলিকিউলার বায়োলজিস্ট জেমস জিওভান্ননি জানান, কলা হলুদ হতে শুরু করার পর প্রচুর ইথিলিন গ্যাস ছাড়ে। তাই শুরু থেকেই সঠিকভাবে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।

কেন কলা ঝুলিয়ে রাখবেন?

ব্রঙ্কসের কলা বিক্রেতা প্রতিষ্ঠান ‘টপ বানানা’র চিফ অপারেটিং অফিসার ড্যানিয়েল বারাবিনোর মতে, কলা ভালো রাখতে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ- বাতাস চলাচল, আঘাত থেকে সুরক্ষা এবং সঠিক তাপমাত্রা।

কলা ফলের ঝুড়িতে একটির ওপর আরেকটি চাপা অবস্থায় রাখলে আশপাশের বাতাস চলাচল কমে যায়। এতে ইথিলিন গ্যাস আটকে থেকে কলা দ্রুত পাকতে পারে। অন্যদিকে ঝুলিয়ে রাখলে চারপাশে বাতাস চলাচল সহজ হয় এবং গ্যাস দ্রুত ছড়িয়ে যায়। পাশাপাশি ঝুলিয়ে রাখলে কলায় ধাক্কা বা চাপ লাগার আশঙ্কাও কমে।

কলায় আঘাত বা দাগ পড়লেও দ্রুত পাকার প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে। এমনকি বড় কাঁদি থেকে কলার ছড়া আলাদা করার সময় কাটা অংশ দিয়েও বেশি ইথিলিন বের হতে পারে। তাই কলার মাথার অংশে সামান্য প্লাস্টিক বা পলিথিন পেঁচিয়ে রাখা যেতে পারে।

ফ্রিজে রাখবেন না

কলার সংরক্ষণে তাপমাত্রাও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, কলা ফ্রিজে রাখা উচিত নয়। অতিরিক্ত ঠান্ডায় কলার খোসা দ্রুত কালো হয়ে যেতে পারে এবং ভেতরের অংশ নরম হয়ে যায়।

কলা সংরক্ষণের জন্য ১৩ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযোগী, যা সাধারণ ঘরের তাপমাত্রার কাছাকাছি। তাই কলাকে চেপে না রেখে ঝুলিয়ে, আঘাত থেকে দূরে এবং স্বাভাবিক ঘরের তাপমাত্রায় রাখলেই তুলনামূলকভাবে বেশি সময় সতেজ রাখা সম্ভব।