মশার উপদ্রব যেন নিত্যদিনের সমস্যা। বিশেষ করে সন্ধ্যা নামার পর ঘরে মশার আনাগোনা বেড়ে যায়। দিনের বেলায়ও এডিসসহ বিভিন্ন প্রজাতির মশার কামড়ে অতিষ্ঠ হতে হয় মানুষকে। মশার কামড় শুধু বিরক্তির কারণ নয়, ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকিও তৈরি করে। সম্প্রতি ম্যাগাজিন ডিসকভারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
মশা থেকে বাঁচতে অনেকেই কয়েল, স্প্রে, বৈদ্যুতিক মশা মারার যন্ত্র কিংবা মশারি ব্যবহার করেন। তবে এসবের পাশাপাশি ঘরোয়া উপায়েও মশার উপদ্রব কমানোর চেষ্টা করেন অনেকে। এমনই একটি পরিচিত উপাদান হলো রসুন।
রসুনের ঝাঁজালো গন্ধের কারণে বিভিন্ন পোকামাকড়ের আচরণে পরিবর্তন আসতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। তবে ঘরে রসুন রাখলেই সব মশা পালিয়ে যাবে, এমন দাবির পক্ষে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
রসুন মশার ওপর কীভাবে প্রভাব ফেলতে পারে?
রসুনে অ্যালিসিনসহ বিভিন্ন সালফারযুক্ত রাসায়নিক উপাদান থাকে। এগুলো থেকেই রসুনের পরিচিত ঝাঁজালো গন্ধ তৈরি হয়।
সাম্প্রতিক এক গবেষণায় রসুনের ডায়ালাইল ডিসালফাইড নামের একটি উপাদান ফলের মাছি ও এডিস মশার মতো কিছু পোকামাকড়ের সংবেদী ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
গবেষকদের ধারণা, এ ধরনের রাসায়নিক উপাদান পোকামাকড়ের স্বাদ গ্রহণ ও আচরণে পরিবর্তন ঘটাতে পারে। তবে রসুনের গন্ধ মানুষের শরীরে মশার কামড় প্রতিরোধ করে-এমন কার্যকারিতা এখনো নিশ্চিত নয়।
রসুন ব্যবহারের কয়েকটি ঘরোয়া পদ্ধতি
১. রসুনের পানি দিয়ে স্প্রে
১০ থেকে ১২ কোয়া রসুন খোসা ছাড়িয়ে ভালোভাবে থেঁতলে নিন। এবার এক কাপ পানিতে রসুনগুলো দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। পানি ঠান্ডা হলে ছেঁকে স্প্রে বোতলে ভরে রাখতে পারেন।
ঘরের বিভিন্ন স্থানে ব্যবহারের আগে পর্দা, আসবাব বা কাপড়ের আড়ালে অল্প পরিমাণে পরীক্ষা করে নিন। রসুনের পানি দাগ বা গন্ধ তৈরি করতে পারে। এটি মশা তাড়ানোর পরীক্ষিত বিকল্প নয়।
২. রসুন ও নারিকেল তেলের মিশ্রণ
অনেকে রসুনের রসের সাথে নারিকেল তেল মিশিয়ে ত্বকে ব্যবহার করার পরামর্শ দেন। তবে এই মিশ্রণ মশার কামড় প্রতিরোধ করে, এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই।
বরং কাঁচা রসুনের রস সরাসরি ত্বকে লাগালে জ্বালাপোড়া, অ্যালার্জি বা ত্বকের ক্ষতি হতে পারে। তাই মশা প্রতিরোধে এ ধরনের মিশ্রণ ত্বকে ব্যবহার না করাই ভালো।
৩. রসুন ও লবঙ্গ ঘরে রাখা
কয়েক কোয়া রসুন থেঁতলে তার সাথে কয়েকটি আস্ত লবঙ্গ একটি পাত্রে রাখতে পারেন। অনেকে ঘরের জানালা বা দরজার পাশে এভাবে রাখেন।
তবে রসুন ও লবঙ্গের গন্ধে মশা ঘরে প্রবেশ বন্ধ করে-এমন বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই। তাই এটিকে মূল প্রতিরোধব্যবস্থা হিসেবে ব্যবহার করা উচিত নয়।
৪. রসুন সেদ্ধ পানির বাষ্প
পানিতে থেঁতলানো রসুন দিয়ে ফুটিয়ে নেওয়ার পদ্ধতিও প্রচলিত রয়েছে। তবে এই বাষ্প ঘরের সব মশা তাড়িয়ে দেয়, এমন প্রমাণ নেই।


