...|...|...

বিশ্ব

পাকিস্তানে শাহবাজের অনুরোধে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত করল জামায়াত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৬
Shares
পাকিস্তানে শাহবাজের অনুরোধে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত করল জামায়াত

পাকিস্তানের জামায়াত আমির হাফিজ নাঈমুর রহমান। ছবি: সংগৃহীত

পাকিস্তানে চলমান তীব্র মূল্যস্ফীতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘোষিত ‘ইসলামাবাদমুখী লং মার্চ’ স্থগিত করেছে দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দলটির আমির হাফিজ নাঈমুর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠক না হওয়া পর্যন্ত মুলতানে অবস্থান করবে দলটি।
মুলতানে এক সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার সাথে যোগাযোগ করে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত করার অনুরোধ জানিয়েছেন। একই সাথে জামায়াতের নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

হাফিজ নাঈম বলেন, প্রধানমন্ত্রী পাকিস্তানে ফেরার পর তার সাথে বৈঠক করবেন তারা। ওই বৈঠক না হওয়া পর্যন্ত মুলতানে জামায়াতের অবস্থান কর্মসূচি চলবে। তবে আন্দোলন থেকে সরে আসবে না দলটি।

জামায়াত আমির আরও বলেন, সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা বা ছাড় সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয়। জ্বালানি তেলের দাম কমানো এবং পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

এছাড়াও পেট্রোলের দাম কমাতে সরকারকে জামায়াত কয়েকটি প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে পাকিস্তানের চুক্তির কারণে পেট্রোলিয়াম লেভি কমানো সম্ভব নয় বলে জানিয়েছে সরকার।

ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চাওয়া হবে বলেও জানান হাফিজ নাঈম। তার দাবি, জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতির প্রতিবাদে জামায়াত দেশজুড়ে ৫১০টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং ধর্মঘটও ডেকেছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফোনে কথা বলার সময় শাহবাজ শরিফ হাফিজ নাঈমকে ইসলামাবাদের অবস্থান কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার সাধারণ ও মধ্যম আয়ের মানুষের জন্য জ্বালানি তেলে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার চেষ্টা করছে।

জামায়াত আমির প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং কর্মসূচি স্থগিতের বিষয়টি বিবেচনা করার কথা বলেছেন। শাহবাজ শরিফ পাকিস্তানে ফেরার পর দুই নেতা পরবর্তী করণীয় নিয়ে বৈঠক করবেন।

সূত্র: জিও নিউজ