জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘জনগণের ওপর রাতের আঁধারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার দাবি জানান তিনি।
নুরুল আমিন আরও বলেন, জনগণের দাবি ও দুর্ভোগ অনুধাবন করে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ রাজপথে তার জবাব দেবে।
সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসন এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সাথে বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা।
সমাবেশে নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।


