...|...|...

রাজনীতি

টিআইবির প্রতিবেদনে জামায়াত নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ৯:৩০
Shares
টিআইবির প্রতিবেদনে জামায়াত নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে: গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ তথ্যের প্রতিবাদ জানিয়ে তিনি প্রতিবেদনটির নিন্দা জানিয়েছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সব পর্যায়ে গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক চর্চা করে। পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে।

তিনি বলেন, গত ১ নভেম্বর ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে প্রকাশিত টিআইবির গবেষণা প্রতিবেদনে জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে যে তথ্য দেওয়া হয়েছে, তা অসত্য ও বিভ্রান্তিকর।

জামায়াতের সাংগঠনিক কাঠামোর তথ্য তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, দলটির অন্যতম দুটি ফোরাম হলো কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বর্তমানে কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া দলের রুকনদের মধ্যে নারী সদস্যের সংখ্যা প্রায় ৪৩ শতাংশ বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, টিআইবির মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বহীনতার পরিচয়। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো প্রতিবেদন বা প্রকাশনা তৈরির ক্ষেত্রে আরও সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।