আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে সম্ভাবনাময় প্রার্থী বাছাই করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, যার জয়ের সম্ভাবনা বেশি, তাকেই নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা গুরুত্ব পাবে।
সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবীর রিজভী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা হলে সেই সময়সূচি অনুযায়ী দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে বিভিন্নভাবে উসকানি দিচ্ছে। দেশের অভ্যন্তরেও কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করে দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।



