...|...|...

রাজনীতি

ঋণের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে সরকার, কেউ দিচ্ছে না: নাহিদ ইসলাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ২:১৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, রাত ২:১৮
Shares
ঋণের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে সরকার, কেউ দিচ্ছে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বৈদেশিক ঋণ পেতে বর্তমান সরকার বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু কেউ তাদের বিশ্বাস করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, জাপানের সাথে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে সরকার কী ধরনের চুক্তি করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রবিবার (১ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দেন নাহিদ ইসলাম।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার এখন ঋণের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু কেউ তাদের বিশ্বাস করছে না বা ঋণ দিচ্ছে না। জাপান আমাদের বন্ধুরাষ্ট্র এবং তারা বাংলাদেশে অতীতেও বিনিয়োগ করেছে। তবে মাতারবাড়ী প্রকল্প নিয়ে সরকার জাপানের সঙ্গে কী চুক্তি করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। সংসদে আলোচনা ও জনগণের মতামত ছাড়া কোনো জাতীয় চুক্তি পাস হতে দেয়া হবে না। এই চুক্তির মাধ্যমে ভারতকে যদি কোনো অবৈধ করিডোর বা ট্রানজিট সুবিধা দেয়ার চেষ্টা করা হয়, তবে বাংলাদেশের জনগণ তা রুখে দেবে।

ভারতের সাথে পানিবণ্টন ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য আমদানি, করিডোর ও ট্রানজিট সুবিধা বন্ধের দাবি উঠবে। এমনকি বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের আদলে আবারও কর্মসূচি পালনের ঘোষণা দেন নাহিদ ইসলাম।

সংবিধান সংস্কার নিয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন নিয়ে সালাউদ্দিন আহমদ মতামত চেয়েছেন। সালাহউদ্দিন সাহেবের কাছে আমাদের মতামত দেয়ার কিছু নেই। তারা এখন নতুন করে আলোচনার কথা বলছেন, অথচ নির্বাচনের আগেই আলোচনার পাঠ চুকে গেছে। এখন শুধু বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তরুণ প্রজন্ম ও শ্রমিকরা তা মেনে নেবে না।

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রতিও সমর্থন জানান এনসিপি আহ্বায়ক। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নেমেছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ালেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা এই বৈষম্য মানি না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব প্রকৌশলী ফরহাদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।