...|...|...

জাতীয়

মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত শনিবার মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ওই আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়।

অন্যদিকে, সোমবার সংরক্ষিত নারী আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।