শ্রমিক আন্দোলনের নামে যারা সহিংসতা ও নাশকতায় জড়াচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন নেই। শ্রমিকদের অন্যতম দাবি ছিল মজুরি বোর্ড গঠন, ইতোমধ্যে সেই দাবি পূরণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। সাম্প্রতিক ঘটনায় গ্রেফতার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে সকালে পোশাকশিল্পের মালিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে জানান, শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গত রবিবার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করা হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে বাস্তবতার ভিত্তিতে মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব মালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ রেখেছেন, তাদের তালিকা দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে—এমন শ্রমিক নেতা ও সংগঠনগুলোর তথ্যও চাওয়া হয়েছে। তবে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে যুক্ত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

