মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়েছিলেন মশিউর রহমান (৫৯)। পথে দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত হন তিনি।
রবিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনা নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তার বাবার নাম মোজাম্মেল হক।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান।
তিনি জানান, এ সময় তাদের একজন অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন টাইমস টুডেকে জানান, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।


