ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪ মিনিট GMT-এ এ দর রেকর্ড করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের বাজার তথ্য অনুযায়ী, এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে দুই ধরনের অপরিশোধিত তেলের দাম কমেছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ দশমিক ৭৭ ডলারে নেমে আসে।
এদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তাদের কয়েকজনের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত করতেই প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়েছে।


