সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ প্রথম মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় বলে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রিয়াদে অবস্থিত এই সামরিক জোটের জেনারেল সেক্রেটারিয়েটের (প্রধান সচিবালয়) প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন নোমান মাহমুদ। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করা এই কর্মকর্তা ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রধান ছিলেন। ২০২৩ সালে তিনি অবসরে যান।
গত আগস্টে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ স্বাক্ষর করেন। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এই জোটের প্রধান লক্ষ্য।
চুক্তির শর্ত অনুযায়ী, সদস্যরাষ্ট্রগুলোর যেকোনো একটির ওপর সামরিক হামলা হলে তা সবকটি রাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।


