...|...|...

অর্থনীতি

বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ অবসানে তেহরান কূটনীতির পথ খোলা রেখেছে—এমন বার্তার পর বিশ্ববাজারে সামান্য কমেছে জ্বালানি তেলের দাম। এর আগে গত সেশনে তেলের দাম ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২.১৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৯ সেন্ট বা ০.৭ শতাংশ কমে নেমে এসেছে ৯১.৫৬ ডলারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন চাপের মুখে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে ইরানের প্রেসিডেন্ট ঘোষণা দেওয়ার একদিন পর, বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান যে যুদ্ধ সমাপ্তির উপায় নিয়ে মতপার্থক্য থাকলেও কূটনীতি চালিয়ে যেতে হবে। ওই কর্মকর্তা আরও জানান, তেহরান বর্তমানে শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের পাঠানো প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। তাদের মূল অগ্রাধিকার হলো ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌবাহিনীর অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। গত মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া পরোক্ষ আলোচনার সময়ও হরমুজ প্রণালী পুনরায় সচল করা ও নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান তিনি।

এদিকে, ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA)-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন ক্রুড বা কাঁচা তেলের মজুদ ৩০ লাখ ব্যারেল বেড়ে ৪২৬.৪ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের এক সমীক্ষায় অংশ নেওয়া বিশ্লেষকরা ৬৪,১০০ ব্যারেল মজুদ কমার পূর্বাভাস দিয়েছিলেন। তবে সামগ্রিকভাবে জ্বালানির মজুদ কিছুটা হ্রাস পেয়েছে।