বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। শুক্রবার (২০ নভেম্বর) দেশে এক ধাক্কায় ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম। এতে অনেকের প্রশ্ন—এই পতন কি এখানেই থামবে, নাকি সামনে আরও কমবে?
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কা, শক্তিশালী ডলার, ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং শেয়ারবাজারে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দরপতন স্বর্ণের ওপর বড় চাপ তৈরি করেছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। পুরো সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ গত জানুয়ারিতে দাম উঠেছিল রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে।
পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক চাপ এবং বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির মুখে রয়েছে। তার মতে, বিনিয়োগকারীরা শেয়ারবাজারের লোকসান সামাল দিতে নগদ অর্থ সংগ্রহের জন্য স্বর্ণও বিক্রি করছেন।
এদিকে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি ট্রেজারি বন্ডের ইল্ড বেড়েছে। যেহেতু স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না, তাই সুদভিত্তিক বিনিয়োগের মুনাফা বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার বিজয় ভালেচা বলেন, স্বর্ণের দরপতনের পেছনে একাধিক নেতিবাচক কারণ একসঙ্গে কাজ করছে। তার মতে, বাজারের প্রবণতা অনুসরণকারী অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে স্বর্ণে ‘শর্ট পজিশন’ বাড়িয়েছেন। ফলে সামনে আরও বিক্রির চাপ তৈরি হতে পারে।
বর্তমানে প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারকে স্বর্ণের জন্য গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সীমা হিসেবে দেখা হচ্ছে।
ক্রিস ওয়েস্টনের মতে, দাম যদি ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে সেখানে স্থায়ী হয়, তাহলে স্বর্ণ ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের দিকে যেতে পারে।
অন্যদিকে নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম মনে করেন, ৩ হাজার ৫০০ ডলারের স্তর দীর্ঘ সময় ধরে ধরে রাখতে না পারলে দাম আরও কমে প্রতি আউন্স ৩ হাজার ২০০ ডলারে নেমে আসার ঝুঁকি রয়েছে।
তবে দাম আরও কমে গেলে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী ও সরাসরি স্বর্ণ ক্রেতারা আবার বাজারে ফিরতে পারেন বলেও মনে করছেন বিশ্লেষকেরা।


