গত কয়েক বছর ধরে টানা ঊর্ধ্বমুখী ছিল স্বর্ণের বাজার। চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে উঠেছিল। তবে সেই সর্বোচ্চ অবস্থান থেকে এখন বড় ধরনের পতন হয়েছে মূল্যবান এই ধাতুর দামে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে যায়, যা গত সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। রেকর্ড সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে স্বর্ণের মূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।
বিশ্ববাজারের এই পতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। চলতি মাসে শুক্রবার পর্যন্ত টানা আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুধু শুক্রবারই কমেছে প্রায় ১১ হাজার টাকা।
ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
দাম কমায় নতুন করে গয়না কেনার আগ্রহ বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। তবে যারা উচ্চ দামে স্বর্ণ কিনে রেখেছিলেন, তারা এখন বড় লোকসানের মুখে পড়েছেন।
কেন কমছে স্বর্ণের দাম
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ বৃদ্ধি, শক্তিশালী মার্কিন ডলার এবং ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়াই স্বর্ণের ওপর চাপ তৈরি করছে।
স্বর্ণ থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে বন্ড বা অন্যান্য সুদভিত্তিক সম্পদ তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
বাজারে এখন ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরেই ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের অবস্থানও শক্তিশালী হচ্ছে।
ডেনমার্কের সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের শক্তিশালী অবস্থান, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা স্বর্ণ ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে।
অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার বলেন, স্বর্ণ কখনও পণ্যের মতো, আবার কখনও মুদ্রার মতো আচরণ করে। বর্তমানে স্বর্ণের এই ‘মুদ্রাসদৃশ’ আচরণই দরপতনে ভূমিকা রাখছে।
যেসব কারণে আগে দাম বেড়েছিল
কুপারের মতে, দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ—এই তিন কারণ ২০২৬ সালে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাতে সহায়তা করেছিল।
তখন যেসব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে স্বর্ণের পরিমাণ কম ছিল, তারাও নতুন করে স্বর্ণ কিনতে শুরু করেন।
যুক্তরাষ্ট্রের স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলসও বলেছেন, কম সুদের হার, ভবিষ্যতে আরও সুদ কমার প্রত্যাশা এবং দুর্বল ডলারের কারণে সে সময় স্বর্ণের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল।
তার মতে, সুদের হার কম থাকায় নগদ অর্থ ধরে রাখার তুলনায় স্বর্ণসহ বিভিন্ন পণ্যে বিনিয়োগে তুলনামূলক ভালো রিটার্ন পাওয়া যাচ্ছিল। ফলে টাকার ক্রয়ক্ষমতা ধরে রাখতে অনেক বিনিয়োগকারী স্বর্ণের দিকে ঝুঁকেছিলেন।
তবে বর্তমানে সেই পরিস্থিতি বদলেছে। ডলার ও সুদের হার শক্তিশালী হওয়ায় স্বর্ণের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।



