...|...|...

বিশ্ব

মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার নামাচ্ছে ইরান, বাধা দিলে ৬ মুসলিম দেশে হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৮
Shares
মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার নামাচ্ছে ইরান, বাধা দিলে ৬ মুসলিম দেশে হামলা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে আবার তেল রফতানি শুরু করার প্রস্তুতি নিচ্ছে ইরান। এ লক্ষ্যে পারস্য উপসাগরের খারগ দ্বীপে ১৪টি তেলবাহী ট্যাংকার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ইউরো নিউজ।

স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, ট্যাংকারগুলোতে নাবিক মোতায়েন করা হয়েছে এবং ইরানের পতাকা তোলা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বহরটি ওমান সাগরের দিকে যাত্রা করতে পারে।

উল্লেখ্য, ইরানের মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশই খারগ দ্বীপের টার্মিনাল থেকে হয়। ফলে এখান থেকে ট্যাংকার বের হলে তা মার্কিন নৌ অবরোধের বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, সাম্প্রতিক তথ্য বলছে ইরান আবার তেল রফতানি শুরু করার পথে। এর মধ্যেই খারগ দ্বীপের কাছে দুটি ট্যাংকারের মধ্যে তেল স্থানান্তর করা হয়েছে। এ সময় তেলের উৎস গোপন রাখতে জাহাজগুলোর এআইএস বন্ধ ছিল।

ইসরায়েলের চ্যানেল ১৪ ও সাবেরিন নিউজ দাবি করেছে, কয়েক ডজন ইরানি ট্যাংকার চীনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে আইআরজিসির সাথে সংশ্লিষ্ট সাংবাদিক মোহাম্মদ এনায়াতি নাজাফাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ট্যাংকারে বাধা বা হামলা হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের তেল স্থাপনাগুলোও পাল্টা হামলার মুখে পড়তে পারে।

খারগ দ্বীপে প্রায় ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। মার্কিন অবরোধের পর সেখানে তেল ওঠানো বন্ধ থাকায় ইরানের ওপর আর্থিক চাপ বেড়েছে।

এ অবস্থায় এশিয়ার বাজারে তেল রফতানি পুনরায় চালু করে অর্থনৈতিক চাপ কমানোর চেষ্টা করছে তেহরান—এমনটাই ধারণা করা হচ্ছে।