...|...|...

বিশ্ব

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষতি কয়েকশ কোটি ডলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৫
Shares
ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষতি কয়েকশ কোটি ডলার

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত আগস্ট পর্যন্ত দাবি করা ১১৫টির বেশি হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

গত ৩১ অক্টোবর প্রকাশিত এপির বিশ্লেষণে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক স্থাপনায় চালানো হামলাগুলোর প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। পরবর্তী সময়ে যুদ্ধবিমান, হ্যাঙ্গার ও বিভিন্ন ভবনও হামলার লক্ষ্যবস্তু হয়।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা হয়েছে।

এসব হামলায় ঘাঁটিটির অন্তত ১৫টি বিমান হ্যাঙ্গার, কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে।

এপির হিসাব অনুযায়ী, হামলাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে বর্তমান সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

এর ফলে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে মার্কিন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং সংঘাতের প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে।

এপ্রিল মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও পরে আবারও সংঘাত শুরু হয়। এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকেও সই করেছিল।

তবে ওই সমঝোতা সত্ত্বেও দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক সংঘাতের অবসান হয়নি।