পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তার সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র বা এনওসি দেয়নি সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি বলেন, বাংলাদেশ সরকার মুফতি তাকি উসমানির সফরের জন্য প্রয়োজনীয় এনওসি দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে কঠিন পরিস্থিতি ও অরাজকতা বিরাজ করছে। এ অবস্থায় তাকে এখন বাংলাদেশে না এনে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।
মিজানুর রহমান সাঈদ জানান, সফরটি নির্ধারিত সময়েই আয়োজনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন।
তিনি বলেন, বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। তারপরও সফরটি যথাসময়ে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে—এমন আশাও ছিল। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তার মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় যেহেতু বর্তমান পরিস্থিতিতে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে, তাই শেষ পর্যন্ত সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুফতি তাকি উসমানির বয়স ও শারীরিক অবস্থাও বিবেচনায় নেওয়া হয়েছে।
মিজানুর রহমান সাঈদের ভাষ্য অনুযায়ী, মুফতি তাকি উসমানি একটি ভয়েস বার্তায় জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাকে বাংলাদেশে আনার কথা জানানো হয়েছে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে মুফতি তাকি উসমানির ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
এসব আয়োজনের মধ্যে আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন ও দরসে বুখারি অন্তর্ভুক্ত ছিল।


