বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম টেস্টে ডান পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম।
জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে চোট পান বাভুমা। আগামী মাসে সুপারস্পোর্ট পার্কে হবে দ্বিতীয় টেস্ট। এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো।
বাভুমার অনুপস্থিতিতে চার নম্বরে ব্যাট করার জন্য বিকল্প খুঁজছে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ছাড়াও আলোচনায় রয়েছেন সিনেথেম্বা কেশিলে, জর্ডান হারম্যান ও ডেভিড বেডিংহাম। শুক্রবার (২০ নভেম্বর) সাদা বলের সিরিজের দল ঘোষণার সময় টেস্ট স্কোয়াডে নতুন ক্রিকেটার যুক্ত করতে পারে দলটি।
বাভুমার চোট থেকে ফেরার নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। আগামী ১৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের আগেও তার পুরোপুরি সুস্থ হওয়া কঠিন হতে পারে।
প্রথম টেস্ট শেষে বাভুমা বলেন, ‘এভাবে পরিস্থিতির মুখোমুখি হতে হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ। তবে বিষয়টি এখন আমার খেলার অংশ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসক দলের তত্ত্বাবধানে চোট সামলে এগিয়ে যেতে হবে। এটাকে নিজের জন্য একটু নতুন করে গুছিয়ে নেয়ার সুযোগ হিসেবেও দেখছি।’
ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা। ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও পরে আবার ব্যাটিংয়ে ফেরেন। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করেননি তিনি।
প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানেও উঠেছে দলটি।


