দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারলেও দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে কঠিন কন্ডিশনে তানজিদ হাসান, তাওহীদ হৃদয় ও লিটন দাসের পারফরম্যান্সে খুশি তিনি। তবে বোলিং ও ফিল্ডিংয়ে অতিরিক্ত নো বল এবং ক্যাচ ছাড়ার ভুলকেই ম্যাচ হারের বড় কারণ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শান্ত। তার মতে, প্রথম ইনিংসে ৪০০ রান তোলার পরও বোলিং ও ফিল্ডিংয়ে কিছু ভুলের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয়, সাহসী সিদ্ধান্ত ছিল টস জিতে আগে ব্যাটিং করা। এমন কন্ডিশনে আমরা সর্বশেষ কবে এমন সিদ্ধান্ত নিয়েছি, তা মনে করতে পারছি না। তাই সাহসের কোনো অভাব আমাদের নেই। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি, ওপরের দিকে কয়েকটি উইকেট হারিয়েছি। তবে এমন কন্ডিশনে এসব হতেই পারে।’
দলের ব্যাটিংয়ে তানজিদ, হৃদয় ও লিটনের অবদানের কথাও তুলে ধরেন শান্ত। তিনি বলেন, ‘হৃদয় ও লিটন যেভাবে ব্যাটিং করেছে, তাতে আমি সত্যিই খুশি। তানজিদও দারুণ করেছে। দেশের বাইরে এসে দল হিসেবে বড় রান করা আমাদের সব সময়ের লক্ষ্য। এই দিক থেকে এটি আমাদের জন্য বড় প্রাপ্তি।’
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানোর পর তানজিদ হাসানের অর্ধশতকে ঘুরে দাঁড়ানোর পথ পায় দল। পরে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লেও ষষ্ঠ উইকেটে তাওহীদ হৃদয় ও লিটন দাসের শতরানের জুটিতে ৪০০ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৫৫৭ রান করে। এতে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা। ম্যাচের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধসে পড়ে। মাত্র ১৬৮ রানে অলআউট হয় দল। সাইমন হারমার নেন ৬ উইকেট, কাগিসো রাবাদা শিকার করেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে রাবাদার উইকেটসংখ্যা দাঁড়ায় ৮। শেষ পর্যন্ত ৯ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে দলের ব্যাটিং নিয়ে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নন শান্ত। তার মতে, প্রথম ইনিংসে ভালো সংগ্রহ গড়ার পর বোলিং ও ফিল্ডিংয়ের দুর্বলতাই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কন্ডিশনে টেস্টের দ্বিতীয় ইনিংসে সাধারণত ১৮০ থেকে ২২০ রানের মধ্যে স্কোর হয়। সত্যি বলতে, দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমার মনে হয়, প্রথম ইনিংসে ৪০০ রান করার পর বোলিং ও ফিল্ডিংয়ে আমরা ভুল করেছি।’
শান্ত আরও বলেন, ‘ওই জায়গাগুলোতে ভালো করতে পারলে ফল অন্য রকম হতে পারত। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে গেলে বেশি ভুল করার সুযোগ নেই। অতিরিক্ত নো বল ও ক্যাচ মিস আমাদের এই ম্যাচ হারিয়েছে।’
এদিকে দলের অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দুজনের ওপরই আস্থা রাখছেন অধিনায়ক। মুশফিকের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে শান্ত বলেন, ‘এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মুশফিক ভাই খুব ভালো করেছেন। তার ব্যাটিং গড় ৪৪। শুধু ব্যাটিং নয়, মাঠের ভেতরে ও বাইরে তার অভিজ্ঞতাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাকে নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি নিশ্চিত, তিনি শক্তভাবে ফিরে আসবেন।’
মুমিনুলের প্রত্যাবর্তন নিয়েও আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘মুমিনুল ভাই মানসিকভাবে অনেক শক্ত। আমি নিশ্চিত, তিনি দ্রুত ঘুরে দাঁড়াবেন।’


