...|...|...

খেলা

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৮
Shares
ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কারা

ছবি: সংগৃহীত

এক দশক ধরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতির দায়িত্বে আছেন জিয়ান্নি ইনফান্তিনো। আরও চার বছর এই পদে থাকার লক্ষ্য নিয়ে আগামী মার্চের নির্বাচনে লড়ছেন তিনি। তবে এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেরার সুযোগ পাচ্ছেন না সুইস এই ফুটবল সংগঠক। তাকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো এবং জাপানের কোজো তাশিমা।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফার ৭৭তম কংগ্রেসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনফান্তিনোর পাশাপাশি ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি দিয়ালো এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি তাশিমার মনোনয়নপত্র জমা পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে ফিফা।

তবে এখনই তিনজনের প্রার্থিতা চূড়ান্ত নয়। ফিফার নির্বাচনী কমিটির যাচাই-বাছাইয়ে তাদের উত্তীর্ণ হতে হবে। নিয়ম অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে অন্তত পাঁচটি সদস্য দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন থাকতে হবে এবং ফুটবল প্রশাসনে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে ফিফা।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। এরপর ২০১৯ ও ২০২৩ সালে পুনর্নির্বাচিত হন তিনি। বিশেষ করে সর্বশেষ দুটি নির্বাচনে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এবার সেই চেনা ছবি বদলে গেছে।

তিন প্রার্থীর মধ্যে এখনো সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন ইনফান্তিনো। আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়ার বহু দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন তার সাথে রয়েছে। তবে ইউরোপীয় ফুটবলে তার প্রভাব আগের মতো নেই।

ফিফার ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিচালনা পদ্ধতি নিয়ে ইউরোপের ফুটবল কর্তৃপক্ষের সাথে তার মতবিরোধ তৈরি হয়েছে। এরই জেরে ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই দিন আগে দিয়ালোকে সমর্থন দেওয়ার কথা জানায় উয়েফা।

৬৩ বছর বয়সী দিয়ালো একসময় ফ্রান্সের নান্তেসের যুব দলে খেলেছেন। পরে ফুটবলার হওয়ার বদলে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ধীরে ধীরে ফুটবল প্রশাসনে যুক্ত হন। ফরাসি পেশাদার ফুটবল ক্লাবগুলোর সংগঠনের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের পরিচালনা পর্ষদেও ছিলেন দিয়ালো। ২০২৩ সালে প্রথমে ভারপ্রাপ্ত হিসেবে এবং পরের বছর পূর্ণ মেয়াদে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন তিনি।

অন্যদিকে এশিয়া থেকে প্রার্থী হয়েছেন জাপানের কোজো তাশিমা। ৬৮ বছর বয়সী এই সংগঠক অতীতে ফুটবলার ও কোচ হিসেবে কাজ করেছেন, পরে যুক্ত হন ফুটবল প্রশাসনে। ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তাশিমা।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি থাকার পর বর্তমানে সংস্থাটির সম্মানসূচক সভাপতি তিনি। জাপান থেকে ফিফা সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘটনা এটিই প্রথম, যা তাকে নতুন ইতিহাস গড়ার সুযোগ এনে দিয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের পর নির্বাচনী লড়াইয়ের পূর্ণ চিত্র স্পষ্ট হবে। এরপর মার্চে রাবাতের কংগ্রেসে ফিফার ২১১টি সদস্য দেশের ভোটে ঠিক হবে বিশ্ব ফুটবলের শীর্ষ পদে আরও চার বছর ইনফান্তিনোই থাকবেন, নাকি নতুন নেতৃত্বের উত্থান ঘটবে।