জোহানেসবার্গ টেস্ট বাঁচাতে শেষ দিনে বাংলাদেশের সামনে প্রয়োজন ছিল অতিমানবীয় কোনো কীর্তি। কিন্তু লড়াইয়ের ন্যূনতম আভাসও দিতে পারেনি সফরকারীরা। পঞ্চম দিনের প্রথম সেশনেই সাইমন হার্মারের অফ স্পিনে বিধ্বস্ত হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
মাত্র ৬৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে ১২ রানের মামুলি লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে মার্কাস অ্যাকারম্যানের উইকেট হারালেও সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি বাংলাদেশের টানা নবম হার। সব মিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ১৭ টেস্টে ১৫টিতেই হারল টাইগাররা। এই হারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ক্ষীণ আশাও কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের। ৯ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ৪০.৫৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই থাকল তারা। অন্যদিকে, ৮ ম্যাচে ৬ জয়ে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ডকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।
পঞ্চম দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য আশাব্যঞ্জকই ছিল। দিনের প্রথম বলেই কাগিসো রাবাদার ওভারথ্রো থেকে বাউন্ডারি এবং ‘নো’ বলের সৌজন্যে বাড়তি রান পায় সফরকারীরা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস এদিনও ছিলেন দারুণ ছন্দে। মার্কো ইয়ানসেনের জোড়া বাউন্সারে দুটি চমৎকার পুল শটে বাউন্ডারি আদায় করে নেন তিনি। দিনের প্রথম আধা ঘণ্টায় স্কোরবোর্ডে ৩০ রান যোগ করে বাংলাদেশ।
তবে ছন্দপতন ঘটে রাবাদার পরের ওভারেই। প্রথম বলে বাউন্ডারি মারার পর ফুল লেংথের বল আবারও ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন লিটন। ৩৮ বলে ৬ চারে ৩৯ রান করে থামে তার ইনিংস।
লিটনের বিদায়ের পর ইনিংস পরাজয় এড়াতে জুটি গড়েন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে পরের আধা ঘণ্টা কাটিয়ে দিলেও ব্যাটিংয়ে স্বস্তি ছিল না মোটেও; মুশফিকের একাধিক বাউন্ডারি আসে ব্যাটের কানায় লেগে।
পানি পানের বিরতির পর দৃশ্যপটে আসেন সাইমন হার্মার। বাংলাদেশের বাকি চারটি উইকেট একাই তুলে নেন এই অফ স্পিনার। ক্রিজ ছেড়ে বেরিয়ে রক্ষণাত্মক খেলতে গিয়ে গ্লাভস-প্যাড ছুঁয়ে শর্ট লেগে ক্যাচ দেন মুশফিক (২৩)। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।

