...|...|...

খেলা

লারাকে ‘মেরেই ফেলেছি’, বাউন্সারে আঘাত করে ভয় পেয়েছিলেন গতিদানব শোয়েব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৮
Shares
লারাকে ‘মেরেই ফেলেছি’, বাউন্সারে আঘাত করে ভয় পেয়েছিলেন গতিদানব শোয়েব

ছবি: সংগৃহীত

গতি আর আগ্রাসনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়াতেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তার আগুনঝরা বাউন্সারে কাবু হয়েছেন অনেক নামী ব্যাটসম্যান। তবে একবার ব্রায়ান লারাকে বাউন্সারে আঘাত করার পর নিজেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই গতিদানব। এমনকি তার মনে হয়েছিল, বলের আঘাতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যানকে হয়তো মেরেই ফেলেছেন!

২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ঘটেছিল এমন ঘটনা। ইংল্যান্ডের সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১৩১ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ক্যারিবীয়দের ইনিংসে শোয়েবের একটি বলে চার হাঁকান লারা। পরের বলেই ভয়ংকর এক বাউন্সার ছুড়ে মারেন পাকিস্তানি পেসার। বলটি লারার হেলমেটের নিচে ঘাড়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে মাঠ ছাড়ার পাশাপাশি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

সম্প্রতি উইজডেনের অনুষ্ঠান ‘দ্য স্কুপ’-এ সেই ঘটনার স্মৃতি সামনে এনেছেন শোয়েব। জানিয়েছেন, লারার শরীরে বল লাগার পর কীভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। শোয়েবের ভাষায়, ‘আমি মুখে হাত দিয়ে বসেছিলাম। ভাবছিলাম, না, না, না, না, না! ও এখন একটা দানব হয়ে উঠবে। ও আমাকে চার মেরেছে, তাই আমি এটা (বাউন্সার) করেছি। আমি জানি, আমি বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি। তাই ওকে আঘাত করবই। কিন্তু বলটা ওর গায়ে লাগার পর আমার মনে হয়েছিল, আমি ওকে মেরেই ফেলেছি।’

শোয়েব আরও জানান, বাউন্সার দেওয়ার আগে লারাকে সতর্ক করেছিলেন তিনি। মজা করেই বলেছিলেন, ‘দয়া করে আমাকে চার মেরো না। তোমাকে আমি খুব ভালোবাসি। দয়া করে চার মেরো না। কিন্তু যদি মারো, তাহলে তোমার মাথা কেটে ফেলব।’

নিজের গতি ও বোলিংয়ের আগ্রাসন নিয়ে ব্যাটসম্যানদের ভয়ের অভিজ্ঞতাও তুলে ধরেছেন শোয়েব। বিভিন্ন দেশের ড্রেসিংরুমে প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিক্রিয়া কেমন ছিল, তা জানিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ পৃথিবীর যেখানেই গেছি, ড্রেসিংরুমে খেলোয়াড়েরা বলত, ভাই, আমাদের মেরে ফেলো না।’

এমনকি এক কিংবদন্তি ব্যাটসম্যান তাকে জানিয়েছিলেন, শোয়েবের বলে আঘাত পাওয়ার পর আর কখনো ব্যাটিং করতে চাননি। তবে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়েছেন লারা ও ভারতের শচীন টেন্ডুলকারকে আঘাত করার পর।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘জীবনে আর কোনো কিছুতেই আমি ভয় পাইনি; কিন্তু শচীনকে যখন আঘাত করেছি, লারাকে যখন আঘাত করেছি, তখন ভয় পেয়েছি। কারণ, আমি জানতাম আমার বলের গতি কতটা বেশি। আল্লাহ না করুন, ওদের কারও কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তেমন কিছু হয়নি।’

সেই সেমিফাইনালে লারাকে মাঠ ছাড়তে বাধ্য করলেও ম্যাচে বল হাতে ভালো পারফরম্যান্স করেছিলেন শোয়েব। ৭ ওভার বোলিং করে ১৮ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। তবে পাকিস্তানের দেওয়া ১৩২ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সেদিন ফাইনালে ওঠা হয়নি শোয়েবদের।