...|...|...

বিশ্ব

ইরানে যৌথ হামলা নিয়ে নতুন বার্তা দিলেন নেতানিয়াহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৮
Shares
ইরানে যৌথ হামলা নিয়ে নতুন বার্তা দিলেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিনের সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি পাওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু।

চ্যানেল ১৩ ইসরাইলি সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আইডিএফ ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড যৌথভাবে সম্ভাব্য হামলার পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা অনুমোদনও পেয়েছে বলে দাবি করা হয়েছে।

ওই কর্মকর্তার ভাষ্য, এখন শুধু হামলার সময় নির্ধারণ বাকি। যুক্তরাষ্ট্র ও ইসরাইল—দুই পক্ষই বর্তমানে ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

তবে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরিতে নেতানিয়াহুর তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার মধ্যে সন্দেহ রয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক মার্কিন কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারান নেতানিয়াহু। ফলে ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তিনি নতুন যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না—সে প্রশ্নও তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার বিভিন্ন পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এজন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তৈরি করা বিভিন্ন হামলা পরিকল্পনার জবাবে ইরান কী ধরনের পালটা পদক্ষেপ নিতে পারে, সেটিও খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন।

বিশেষ করে এমন কোনো সামরিক অভিযান সম্ভব কি না, যাতে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় ইরানের বড় ধরনের পালটা হামলার ঝুঁকি কম থাকে—সে বিষয়েও জানতে চেয়েছে হোয়াইট হাউস।