বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার পথে দুর্বল হয়ে পড়েছে। শুক্রবার (২০ নভেম্বর) উপকূলে আঘাত হানার আগে এটি প্রবল ঘূর্ণিঝড় থেকে দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি)।
আইএমডির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ১০ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

