বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। স্থিতিশীল মার্কিন ডলার এবং ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশায় চাপের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু। এতে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের দিকে এগোচ্ছে স্বর্ণের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) দিনের শুরুতে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। পরে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৫১ দশমিক ৬৮ ডলারে নেমে আসে।
চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৫১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
ক্যাপিটাল ডটকমের সিনিয়র ফিন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট কাইল রড্ডা বলেন, আসন্ন মার্কিন সুদের হার বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতির প্রত্যাশায় সামগ্রিক বাজারে এক ধরনের বাধ্যতামূলক সম্পদ বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে। এতে বন্ডের ইল্ড ও মার্কিন ডলারের মূল্য বাড়ছে, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।
এদিকে, শুক্রবার এশিয়ার শেয়ারবাজারে দরপতন হয়েছে। এতে ২০২০ সালের পর সবচেয়ে খারাপ সপ্তাহের দিকে এগোচ্ছে এ অঞ্চলের শেয়ারবাজার। অ্যানথ্রোপিকের নতুন পণ্য উন্মোচন এআই খাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি।
শুক্রবার মার্কিন ডলার ১৯ মাসের সর্বোচ্চ স্তরের কাছাকাছি অবস্থান করে। এতে ডলারের সাম্প্রতিক ঊর্ধ্বগতি আরও বেড়েছে। ফলে অন্য মুদ্রার ধারকদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট আনা পলসন বৃহস্পতিবার বলেন, মুদ্রাস্ফীতি এখনো বেশি থাকায় ফেডকে আবারও সুদের হার বাড়াতে হতে পারে। তবে সুদের হারের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট দিকনির্দেশনার চেয়ে পারস্পরিক বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের অংশগ্রহণকারীরা। এ সম্ভাবনা ৯৭ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২ দশমিক ৭ শতাংশ।
সাধারণত সুদের হার বাড়লে অনুৎপাদনশীল সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে।
অন্যদিকে, বৃহস্পতিবার প্রকাশিত সুইস শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবরে সুইজারল্যান্ডের স্বর্ণ রপ্তানি আগের মাসের তুলনায় ৩৪ শতাংশ কমে ১০৯ দশমিক ৭ মেট্রিক টনে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যে স্বর্ণ সরবরাহ কমে যাওয়ায় রপ্তানিতে এ পতন হয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার স্পট সিলভারের দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪১ দশমিক ৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৩১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ৮৮৮ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। এই তিন ধাতুর দামও চলতি সপ্তাহে সাপ্তাহিক দরপতনের দিকে রয়েছে।


