...|...|...

বিশ্ব

৫০ কোটি টাকার স্বর্ণ লুট, ডাকাতরা বললেন ‘আবার আসব’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১২
Shares
৫০ কোটি টাকার স্বর্ণ লুট, ডাকাতরা বললেন ‘আবার আসব’

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় একটি সেনকো জুয়েলার্স শোরুমে দিনের আলোয় বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। তিনটি মোটরসাইকেলে করে আসা আটজন সশস্ত্র ডাকাত কয়েক প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাতরা শোরুমে ঢুকেই অস্ত্রের মুখে কর্মী ও সেখানে উপস্থিত অন্যদের জিম্মি করে ফেলে। এরপর সবার হাত বেঁধে দেওয়া হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, যাতে কেউ প্রতিরোধ করতে বা বাইরে সাহায্যের জন্য যোগাযোগ করতে না পারে।

পরে সবাইকে এক জায়গায় জড়ো করে রেখে শোরুমের গয়নাগাটি লুট করতে শুরু করে তারা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডাকাতির সময় দুজনের মাথায় আঘাত করা হয়েছে।

শোরুমে উপস্থিত এক নারী জানিয়েছেন, চলে যাওয়ার সময় ডাকাতরা দম্ভ করে বলে, ‘আমরা আবার আসব, এটি একটি সিনেমা।’

খবর পেয়ে ডিআইজি হরকিশোর রাই, এসপি কুমার গৌতম এবং ডিএসপি অজিত কুমারসহ বিভিন্ন থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শোরুম পরিদর্শন করেন এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক হিসাবে, ডাকাতরা ৪০ থেকে ৫০ কোটি টাকার মূল্যের গয়না লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে লুট হওয়া গয়নার সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে বেতিয়ার ইতিহাসে অন্যতম বড় ডাকাতির ঘটনা হিসেবে দেখা হচ্ছে।