...|...|...

বিশ্ব

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ৮:০৪
Shares
চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি।

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন চীনের দম্পতি মোইয়ান সং ও লুওশি শু। বিভিন্ন দেশ ঘুরে মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি জানার সেই যাত্রায় তুরস্কে গিয়ে ঘটে জীবনের এক বড় পরিবর্তন। এক তুর্কি পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেন আট বছরের দাম্পত্য জীবনের এই দম্পতি। পরে ইসলামী রীতি মেনে নতুন করে বিয়েও করেন তারা।

প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হন সং ও শু। তাদের ভ্রমণের প্রথম গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। দেশটির মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ তাদের মুগ্ধ করে। একই সাথে ইসলাম সম্পর্কে জানার আগ্রহও তৈরি হয় তাদের মনে।

ভ্রমণের একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সাথে পরিচয় হয় তাদের। ভাষাগত পার্থক্য থাকলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের সাহায্যে চারজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তুর্কি দম্পতি তাদের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান।

আড্ডার একপর্যায়ে চীনা দম্পতির ইসলাম সম্পর্কে জানার আগ্রহ দেখে আয়সেল তাদের একটি পবিত্র কোরআন উপহার দেন। বইটি তাদের চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়িয়ে দেয়।

পরবর্তী সময়ে চীনে ফিরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন সং ও শু। তবে যে আনতালিয়া শহরে তুর্কি পরিবারের সাথে তাদের পরিচয় হয়েছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তারা। এ জন্য আবারও তুরস্কে ফিরে আসেন এই দম্পতি।

আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে ওই তুর্কি পরিবারের উপস্থিতিতে একজন ইমামের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন তারা। মোইয়ান সং নিজের নতুন নাম রাখেন মুহাম্মদ মুরাদ। তার স্ত্রী লুওশি শু নাম পরিবর্তন করে রাখেন লায়লা বাতুল।

ইসলাম গ্রহণের পর কাজি মুহাম্মদ কুশুক তাদের আট বছর আগের বিয়েটিও ইসলামী রীতি অনুযায়ী নতুন করে সম্পন্ন করেন। বর্তমানে তারা আগের তুলনায় বেশি মানসিক প্রশান্তি অনুভব করছেন। পাশাপাশি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনে চীনা ভাষায় অনূদিত বিভিন্ন ইসলামী বই পড়ছেন।

একটি ভ্রমণে শুরু হওয়া পরিচয় শেষ পর্যন্ত দুই দেশের দুই পরিবারের মধ্যে পারিবারিক সম্পর্কের বন্ধন তৈরি করেছে। তুর্কি পরিবারটির সাথে এখনো ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে চীনা দম্পতির।