...|...|...

বিশ্ব

ভেঙে যাচ্ছে পাকিস্তান, ইসলামাবাদ নিয়ে নতুন সিদ্ধান্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৩
Shares
ভেঙে যাচ্ছে পাকিস্তান, ইসলামাবাদ নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ পুনর্বিন্যাস করে মোট ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের কথা ভাবা হচ্ছে। একই সাথে রাজধানী ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান ইকবাল বলেন, ‘আমি শুনেছি, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনা রয়েছে।’

তিনি জানান, অতিরিক্ত প্রদেশ গঠনের বিতর্ক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়েও বিকল্প মডেল তৈরির কাজ চলছে বলে জানান আহসান ইকবাল। তার ভাষ্য, প্রধানমন্ত্রী তাকে রাজধানীর জন্য একটি নতুন প্রশাসনিক কাঠামো তৈরির দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর মডেল পর্যালোচনা করে আমরা স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব দিয়েছি। ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ এবং স্বশাসনব্যবস্থা প্রয়োজন।’

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ইসলামাবাদের জন্য একটি আলাদা আইন প্রণয়নকারী পরিষদ থাকতে পারে। বর্তমানে রাজধানীসংক্রান্ত আইন জাতীয় পরিষদ ও সিনেট নিয়ে গঠিত পাকিস্তানের পার্লামেন্টে পাস করতে হয়।

প্রস্তাবে ইসলামাবাদের জন্য একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি পরিষদের কথাও বলা হয়েছে। এর মধ্যে ২১টি সাধারণ আসন, নারীদের জন্য তিনটি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন রাখার প্রস্তাব রয়েছে।

আহসান ইকবাল আরও জানান, ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচিত তৃতীয় স্তরের স্থানীয় সরকারব্যবস্থাও চালু করা হতে পারে।

রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের কিছু এলাকা ইসলামাবাদের সীমানায় যুক্ত করে রাজধানীর আয়তন বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বলে শুনেছেন তিনি। তার মতে, এমনটি হলে ইসলামাবাদকে একটি স্বতন্ত্র প্রদেশ হিসেবে গড়ে তোলার পথ তৈরি হতে পারে।

অতিরিক্ত প্রদেশ গঠনের বিষয়ে ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন আহসান ইকবাল।

বর্তমানে পাকিস্তানের ৯৬ সদস্যের উচ্চকক্ষ সিনেটে চারটি প্রদেশের প্রতিটির সমান প্রতিনিধিত্ব রয়েছে।

আহসান ইকবাল বলেন, ‘অন্যথায় সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে তারা বলতে পারে, সিনেটে তাদের জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নেই। আর সেটি ছয় বছরের জন্য হতে পারে।’

রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়েও চলমান জল্পনা নাকচ করেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, এ ধরনের ব্যবস্থা চালুর বিষয়ে কোনো গুরুতর প্রস্তাবের কথা তিনি শোনেননি।

নতুন প্রদেশ গঠনের বিতর্কে রাজনীতিবিদদের নেতৃত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন আহসান ইকবাল।

তিনি বলেন, ‘রাজনীতিবিদদেরই নেতৃত্ব দিয়ে এই বিতর্ক এগিয়ে নেওয়া উচিত, যাতে এখান-সেখান থেকে বিচ্ছিন্নভাবে প্রস্তাব না আসে। এড়িয়ে যাওয়ার প্রবণতা কোনো সমাধান দিচ্ছে না।’

পাকিস্তানের প্রশাসনিক কাঠামোয় সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রশাসনিক সংস্কার প্রয়োজন। কারণ, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর পর প্রদেশগুলো কোনো দায়িত্বই নিম্নপর্যায়ে হস্তান্তর করেনি। এর ফলে প্রদেশগুলোতে অতিরিক্ত কেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে।’