...|...|...

অর্থনীতি

রফতানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ১০:০৩
Shares
রফতানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

রফতানি বাণিজ্যে সাইবার জালিয়াতি ও আর্থিক প্রতারণার ঝুঁকি মোকাবিলায় ব্যাংক, রফতানিকারকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রফতানি দলিল আদান-প্রদান, ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনা যাচাইয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে সই করেছেন বিভাগের পরিচালক নাসিমা সুলতানা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল যোগাযোগ ও অনলাইন লেনদেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ঝুঁকিও গুরুত্ব পাচ্ছে। এ পরিস্থিতিতে রফতানি লেনদেন নিরাপদ রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান এবং অর্থ পরিশোধের নির্দেশনা যাচাইয়ে সতর্কতা প্রয়োজন।

সার্কুলার অনুযায়ী, রফতানি-সংক্রান্ত দলিল পাঠানোর ক্ষেত্রে অবশ্যই নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। বিশেষ করে ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের কোনো নির্দেশনা পাওয়া গেলে সেটি স্বাধীনভাবে যাচাই করতে হবে। শুধু ইমেইল বা অনলাইনে পাওয়া নির্দেশনার ওপর নির্ভর করে আর্থিক লেনদেনের তথ্য পরিবর্তন করা যাবে না।

একইভাবে অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে আগে থেকে নির্ধারিত ও বিশ্বস্ত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ধরনের সতর্কতা গুরুত্বপূর্ণ, কারণ সাইবার অপরাধীরা অনেক সময় ব্যবসায়িক যোগাযোগের পরিচয় ব্যবহার করে ভুয়া ব্যাংক হিসাব বা অর্থ পরিশোধের নির্দেশনা পাঠাতে পারে। যথাযথ যাচাই ছাড়া এসব নির্দেশনা অনুসরণ করলে রফতানি আয়ের অর্থ ভুল হিসাবে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

সাইবার নিরাপত্তার অংশ হিসেবে সন্দেহজনক লিংকে প্রবেশ এবং অননুমোদিত অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কোনো অবস্থাতেই অন্য কারও কাছে প্রকাশ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, রফতানি লেনদেনে কোনো ধরনের জালিয়াতি বা সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে বিষয়টি জানাতে হবে।

মূলত বৈদেশিক বাণিজ্যে আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারণার মাধ্যমে রফতানি আয় হাতিয়ে নেওয়ার ঝুঁকি কমানো এবং ব্যাংক ও রফতানিকারকদের মধ্যে নিরাপদ যোগাযোগব্যবস্থা বজায় রাখতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।