আলোচনার মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরে সংস্থাটি।
সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সংস্থাটির মতে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শুধু মালিক ও শ্রমিকদের দর-কষাকষির ওপর নির্ভর করা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং শিল্পের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রমাণনির্ভর পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।


