...|...|...

বিশ্ব

ইরানকে নিয়ে আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৮
Shares
ইরানকে নিয়ে আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

নেতানিয়াহু-আইজেনকোট। ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ জন্য বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে তার সাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন তিনি।

নেতানিয়াহুর দাবি, ইরান আবারও পারমাণবিক কর্মসূচি সক্রিয় করার চেষ্টা করছে, যা ইসরাইলের জন্য নতুন করে অস্তিত্বের হুমকি তৈরি করতে পারে।

শনিবার (১৪ নভেম্বর) নতুন সরকার গঠন নিয়ে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। নেতানিয়াহু জানান, বৃহস্পতিবার আইজেনকোটের সাথে তার বৈঠক হয়েছে। ওই আলোচনা জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে এবং দ্রুত পারমাণবিক অস্ত্র উন্নয়নের পথে এগোতে পারলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে।

তার অভিযোগ, ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানি শাসনব্যবস্থা নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যায় দ্বিধা করেনি। এমন একটি সরকার ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহুর ভাষ্য, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করার সময় এখনই।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাদের মিত্ররা নেসেটের ৫৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

অন্যদিকে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ও তাদের মিত্রদের দখলে রয়েছে ৪৮টি আসন। আরব জোট পেয়েছে ১৯টি আসন।

এই সমীকরণে আইজেনকোট আরব জোটের সাথে সমঝোতা করে সরকার গঠনের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা প্রকাশ করেছেন নেতানিয়াহু। তার মতে, এ ধরনের সরকার হবে ‘ভঙ্গুর ও বিপজ্জনক’।

শনিবারের বক্তব্যে তিনি আরব জোটের সদস্যদের ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলেও আখ্যা দেন। এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছিলেন নেতানিয়াহু।

তার মতে, সীমিত সংখ্যাগরিষ্ঠতার সরকার কিংবা আরব জোটের সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকার ইরানের হুমকি কার্যকরভাবে মোকাবিলা করতে পারবে না।

এ কারণে জাতীয় ঐক্যের সরকারই প্রয়োজন বলে মনে করেন তিনি। নেতানিয়াহু বলেন, এমন সরকার গঠন করা গেলে যথাসময়ে ইরানের হুমকি মোকাবিলা সম্ভব হবে এবং আগামী বহু বছরের জন্য ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।