...|...|...

বিশ্ব

‘তোমার স্বামী পুরোনো, আমি তোমাকে গ্রিন কার্ড দেব’ বলে তরুণীকে যৌন হেনস্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৪
Shares
‘তোমার স্বামী পুরোনো, আমি তোমাকে গ্রিন কার্ড দেব’ বলে তরুণীকে যৌন হেনস্তা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি আটককেন্দ্রে দায়িত্বে থাকা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন ২১ বছর বয়সী এক লেবানিজ নারী। তবে অভিযোগ অস্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী রাহাফ আলি আলমেরহিজ ‘লুসি ওয়াইজ’ নামেও পরিচিত। নিজের পরিচয় প্রকাশে সম্মতি দেওয়া এই নারী দাবি করেছেন, আইসের ডিপোর্টেশন কর্মকর্তা মার্কেল ওয়ালেস তাকে টেক্সাসের রেমন্ডভিলের এল ভ্যালি ডিটেনশন ফ্যাসিলিটির একটি নির্জন, ভেতর থেকে বন্ধ হয়ে যায়—এমন কক্ষে নিয়ে যান এবং তার সম্মতি ছাড়া যৌনভাবে স্পর্শ করেন।

নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে আলমেরহিজ আরও অভিযোগ করেন, প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার স্বামীকে কারাগারে পাঠানো ও দেশ থেকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয়।

তার ভাষ্য অনুযায়ী, ওয়ালেস তাকে বলেন, আমি তোমাকে গ্রিন কার্ড দেব। একই সাথে তার স্বামীকে ‘বয়স্ক’ আখ্যা দিয়ে বলেন, সে তোমার কিছু করতে পারবে না এবং আমিই তোমাকে সাহায্য করতে পারি।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ২০২৪ সালের আগস্টে মন্ট্রিয়ল হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন আলমেরহিজ। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে রিও গ্র্যান্ড ভ্যালির কাছে তাকে আটক করা হয়।

আলমেরহিজ বলেন, ২০২৬ সালের এপ্রিলে তার আগের আইনজীবী অভিবাসন মামলা থেকে সরে দাঁড়ানোর পর তিনি আইনি প্রতিনিধিত্বহীন হয়ে পড়েন। এর পরই কথিত যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে।

তার দাবি, অন্য তদন্তকারীদের সাথে একটি সাক্ষাৎকারের আগে মামলা নিয়ে কথা বলার জন্য তাকে ডেকে নেন ওয়ালেস। এরপর এল ভ্যালির ভেতরে ছোট ও নির্জন একটি কক্ষে নিয়ে যান।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে (ডিএইচএস) দেওয়া শপথনামায় আলমেরহিজ বলেন, ওই কক্ষে একটি ছোট টেবিল ছিল এবং সেখানে তিনি ও ওয়ালেস একাই ছিলেন।

শপথনামায় তার অভিযোগ, ওয়ালেস তার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে আঙুল প্রবেশ করান, পরে তার প্যান্ট ও অন্তর্বাস নামিয়ে শরীরের নিচের অংশ উন্মুক্ত করেন এবং নিজের প্যান্টও নামানোর চেষ্টা করেন।

আলমেরহিজ বলেন, আমি এসবের কোনো কিছুরই সম্মতি দিইনি। আমি তাকে থামতে বলেছিলাম।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি হওয়ায় এবং তার মামলা, মুক্তি ও চিকিৎসাসেবায় ওই কর্মকর্তার প্রভাব থাকায় তিনি নিজেকে অসহায় মনে করেছিলেন।

তার অভিযোগ, ওয়ালেস তার অভিবাসন পরিস্থিতি ও নিজের ক্ষমতার অবস্থান ব্যবহার করে চাপ সৃষ্টি করেন। একই সাথে মুক্তিতে সহায়তা এবং গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন।

আলমেরহিজের দাবি, ওয়ালেস তাকে নিজের ফোন নম্বরও দিয়েছিলেন এবং মত পাল্টালে মেক্সিকোতেও যেতে রাজি আছেন বলে জানান।

তিনি বলেন, আমার মনে হচ্ছে আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে।

আলমেরহিজের স্বামী স্যাম ওয়াইজ জানান, স্ত্রী আইসের হেফাজত থেকে বেরিয়ে আসার কয়েক মাস পর, আগস্টের শেষ দিকে তিনি প্রথম এ অভিযোগের কথা জানতে পারেন। স্ত্রীর এক বন্ধুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন তিনি।

স্যাম ওয়াইজের ভাষ্য, দোষারোপ, অপমান বা স্বামী ছেড়ে যেতে পারেন—এই আশঙ্কায় আলমেরহিজ এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন।

নিউজউইককে স্যাম বলেন, আমি ভীষণ কষ্ট পেয়েছি এবং ক্ষুব্ধ।

তিনি আরও বলেন, স্ত্রীকে রক্ষা করতে না পারার অপরাধবোধ তার আছে। তবে লজ্জা ভুক্তভোগীর নয়, অভিযুক্তের—এমন মন্তব্য করে স্ত্রীর সাহসের প্রশংসা করেন তিনি।

স্যামের তথ্য অনুযায়ী, আলমেরহিজ টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন এবং নার্সিংয়ে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশাপাশি স্যামের ডেন্টাল ক্লিনিকে জেনারেল ম্যানেজার হিসেবেও কাজ করতেন তিনি।

গত ১ মে আলমেরহিজকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের অনুমতি দেওয়া হয়। বর্তমানে তিনি মেক্সিকোতে থাকছেন। তার স্বামী বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে টেক্সাসে অবস্থান করছেন।

অন্যদিকে আইসের মূল সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।

ডিএইচএসের একজন মুখপাত্র নিউজউইককে বলেন, এল ভ্যালি ডিটেনশন ফ্যাসিলিটিতে অসদাচরণের অভিযোগগুলো মিথ্যা।

তিনি আরও বলেন, অসদাচরণের অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।