...|...|...

বিশ্ব

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বন্ধ করল আইসিসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০২
Shares
আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বন্ধ করল আইসিসি

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে শুরু হওয়া মূল তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা। এই তদন্তের আওতায় মার্কিন সেনাদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। তবে ২০২১ সালের আগস্ট থেকে তালেবানের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ নিয়ে পৃথক তদন্ত অব্যাহত থাকবে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত আদালতের এক নথিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আদালতের বিচারিক চেম্বার জানিয়েছে, আফগানিস্তানসংক্রান্ত মূল তদন্তে আরও কার্যকর অনুসন্ধান কিংবা বিচারিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে, এমন কোনো নিশ্চয়তা দিতে পারেনি আইসিসির প্রসিকিউশন বিভাগ।

বিচারকরা বলেন, আইনি নিশ্চয়তা, স্বচ্ছতা এবং বিচারিক কার্যক্রমের যথাযথ পরিচালনার স্বার্থে আফগানিস্তানসংক্রান্ত মূল তদন্তের নথি আনুষ্ঠানিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইসিসির তথ্য অনুযায়ী, মূল তদন্তের আওতায় ২০০৩ সালের ১ মে থেকে আফগানিস্তানে সংঘটিত কথিত যুদ্ধাপরাধ এবং ২০০২ সালের ১ জুলাই থেকে আইসিসির সদস্য অন্য দেশগুলোতে আফগান সংঘাতসংশ্লিষ্ট অপরাধের অভিযোগ তদন্তের অনুমোদন ছিল।

তবে আদালত জানিয়েছে, প্রসিকিউশন বিভাগ এখন পর্যন্ত রোম সংবিধির ৫৮ অনুচ্ছেদের আওতায় সীমিতসংখ্যক আবেদন জমা দিয়েছে। এসব আবেদন মূলত ২০২১ সালের আগস্ট থেকে আফগানিস্তানে সংঘটিত কথিত অপরাধ নিয়ে চলমান পৃথক তদন্তের সঙ্গে সম্পর্কিত।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। এর দুই বছর পর ২০০৩ সালে পশ্চিমা-সমর্থিত আফগান সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন চুক্তি রোম সংবিধিতে যোগ দেয়।

দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের আগস্টে বিদেশি সেনা প্রত্যাহার এবং পশ্চিমা-সমর্থিত সরকারের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে তালেবান।

আইসিসির প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, বর্তমানে তাদের তদন্তের প্রধান তিনটি ক্ষেত্র রয়েছে। এর মধ্যে ২০২১ সালের আগস্ট থেকে তালেবানের বিরুদ্ধে নারী ও মেয়েদের ওপর সংঘটিত কথিত অপরাধ, রাজনৈতিক, জাতিগত ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিপীড়নসহ অন্যান্য অপরাধ এবং ২০১৬ সাল থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসআইএস-কে) বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।

তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে মূল তদন্তের আওতায় থাকা আইএসআইএস-কের কথিত অপরাধসংক্রান্ত তদন্ত কার্যক্রমও বন্ধ হচ্ছে। বিচারকরা জানিয়েছেন, ভবিষ্যতে প্রসিকিউশন বিভাগ কার্যকরভাবে তদন্ত পরিচালনার সক্ষমতা অর্জন করলে এ বিষয়ে নতুন করে অনুমোদনের আবেদন করতে পারবে।

একই সাথে আদালত স্পষ্ট করেছে, আফগানিস্তানের মূল তদন্ত বন্ধের সিদ্ধান্ত ২০২১ সালের আগস্ট থেকে সংঘটিত কথিত অপরাধ নিয়ে চলমান পৃথক তদন্তের ওপর কোনো প্রভাব ফেলবে না।

অর্থাৎ, মার্কিন সেনাদের বিরুদ্ধে অভিযোগ অন্তর্ভুক্ত থাকা মূল তদন্ত বন্ধ হলেও তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আইসিসির বিচারিক অনুসন্ধান অব্যাহত থাকবে।