জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে ইরান। একই সাথে এসব প্রযুক্তি কাজে লাগিয়ে নিজস্ব অস্ত্রব্যবস্থার উন্নয়নেও কাজ করছেন দেশটির সামরিক বিশেষজ্ঞরা।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী লালালি এ তথ্য জানিয়েছেন।
ইরানের মেহর বার্তা সংস্থা রাশিয়ার নভোস্তির বরাতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
রাশিয়ার বার্তা সংস্থা নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের হাতে আসা মার্কিন সামরিক সরঞ্জামগুলো নিয়ে গবেষণার মূল উদ্দেশ্য শুধু সেগুলোর হুবহু অনুলিপি তৈরি করা নয়। বরং এসব অস্ত্রের গঠনকাঠামো ও ব্যবহৃত প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করাই প্রধান লক্ষ্য।
আলী লালালি আরও জানান, ইরানি বিশেষজ্ঞরা মার্কিন সামরিক সরঞ্জামগুলো গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছেন। এর মাধ্যমে নতুন প্রযুক্তিগত ধারণা সংগ্রহের পাশাপাশি নিজস্ব চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ আধুনিক অস্ত্রের নকশা তৈরির চেষ্টা চলছে।


