অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদিত দ্বীপে পেঙ্গুইন গণনা ও পর্যবেক্ষণের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে যুক্তরাজ্যের একটি সংস্থা। পাঁচ মাসের এ চাকরিতে মাসে ২ হাজার ৫০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকা) বেতনের পাশাপাশি বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে চাকরিটির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো, দ্বীপটিতে নেই নিয়মিত পানির ব্যবস্থা কিংবা গোসলের সুবিধা।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট (ইউকেএএইচটি) অ্যান্টার্কটিকার গাউডিয়ার দ্বীপের পোর্ট লকরয়ে কাজের এ সুযোগ দিচ্ছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের জন্য ইতোমধ্যে ১৪ জনকে নির্বাচন করা হয়েছে। তাদের পাঁচ মাস অ্যান্টার্কটিকায় অবস্থান করতে হবে।
যেসব কাজ করতে হবে
নির্বাচিত কর্মীদের দুই দলে ভাগ করা হবে। প্রথম দলের আটজন পোর্ট লকরয়ে অবস্থান করবেন। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে পেঙ্গুইন পর্যবেক্ষণ ও গণনা, জাদুঘর পরিচালনা, ডাকঘরের কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় স্যুভেনিরের দোকান দেখাশোনা করা।
অন্য ছয়জন তুলনামূলকভাবে গবেষণাভিত্তিক কাজে নিয়োজিত থাকবেন। তাদের সাথে থাকবেন স্বাস্থ্যসেবা ও পর্বতারোহণ বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা।
গোসলের সুযোগ সপ্তাহে একবার
বেতন ও থাকা-খাওয়ার ব্যবস্থা আকর্ষণীয় হলেও সেখানে জীবনযাপনের বেশ কিছু কঠিন বাস্তবতা রয়েছে। দ্বীপটিতে নেই পাইপলাইনের পানি কিংবা গোসলের জন্য নিয়মিত কোনো ব্যবস্থা। ফলে সেখানকার স্যানিটেশন ব্যবস্থাও বেশ সাধারণ।
সংস্থাটি জানিয়েছে, দ্বীপে আসা জাহাজ থেকে ট্যাংকে পানি সংগ্রহ করা হয়। সাধারণত এসব জাহাজের মাধ্যমে সপ্তাহে একবার গোসলের সুযোগ পাওয়া যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজ আসতে দেরি হলে টানা দুই সপ্তাহ পর্যন্ত গোসলের সুযোগ নাও মিলতে পারে।
ইউকেএএইচটির পরিচালক ক্যামিলা নিকোল জানিয়েছেন, এবারের মৌসুমে দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ুর চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে তাদের। অ্যান্টার্কটিকার তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ৪ ডিগ্রি বেড়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

