যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি পরিবহনের অভিযোগে মামলা হয়েছে। বর্তমানে তিনি গ্রেফতার রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) আদালতের নথি এবং যুক্তরাষ্ট্রের এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সামা টিভি অনলাইন।
ভার্জিনিয়ার ওয়ারেন্টনের বাসিন্দা কাইল ব্রেনানের বিরুদ্ধে দাখিল করা ফৌজদারি অভিযোগপত্রে বলা হয়েছে, তার মোবাইল ফোন পরীক্ষা করে ৮৮টি ছবি পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, এসব ছবিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার দৃশ্য রয়েছে।
আদালতের নথি অনুযায়ী, কাইলের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০২৪ সালে। সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবের দেওয়া একটি তথ্যের ভিত্তিতে প্রথমে বিষয়টি নজরে আসে শিশু নিখোঁজ ও নির্যাতনসংক্রান্ত জাতীয় কেন্দ্রের (এনসিএমইসি)।
এরপর ২০২৪ সালের জুলাইয়ে ভার্জিনিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাইলের বাড়িতে তল্লাশি চালায়। গত মাসে মামলাটির তদন্ত এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
কাইল ব্রেনান বর্তমানে হেফাজতে রয়েছেন। তবে অভিযোগের বিষয়ে তার আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তার বাবা জন ব্রেনানের একজন মুখপাত্রও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
জন ব্রেনান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক হিসেবেও তিনি পরিচিত।
এদিকে ট্রাম্পকে ঘিরে অতীতের বিভিন্ন তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তার নাগরিক অধিকার লঙ্ঘন করেছিলেন কি না, তা খতিয়ে দেখতে জন ব্রেনানের বিরুদ্ধেও এক বছরের বেশি সময় ধরে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
সমর্থক ও সমালোচকেরা এই তদন্তকে ‘গ্র্যান্ড কনস্পিরেসি’ বা বৃহৎ ষড়যন্ত্র তদন্ত বলে উল্লেখ করছেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তদন্তের অগ্রগতি থমকে গেছে। এর তত্ত্বাবধানে থাকা কয়েকজন জ্যেষ্ঠ কৌঁসুলি পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত এ তদন্তে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।
জন ব্রেনান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে কৌঁসুলিরা অন্যায়ভাবে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন।
গত মাসে একটি গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য জন ব্রেনানকে তলব করা হয়েছিল। তবে তদন্তের দায়িত্বে থাকা বিচার বিভাগের কর্মকর্তা জোসেফ ডি জেনোভা পদত্যাগ করার পর সেই সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয়। ডি জেনোভা গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন।


