...|...|...

বিশ্ব

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় প্রেম নিবেদন, শাস্তির মুখে রাশিয়ান যুগল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫০
Shares
নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় প্রেম নিবেদন, শাস্তির মুখে রাশিয়ান যুগল

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একেবারে চূড়ায় উঠে আলোচনায় আসা এক রুশ যুগল এখন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। গত জুলাইয়ে ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা নিকোলাউ ও ৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ বহুতল ভবনটির চূড়ায় ওঠেন। সেখানেই প্রেম নিবেদন করেন কুজনেতসভ।

চূড়ায় উঠে তারা একটি পতাকাও প্রদর্শন করেন। সেখানে লেখা ছিল, ‘ক্ষমতার প্রতি ভালোবাসার চেয়ে ভালোবাসার শক্তি যখন বড় হবে, তখন পৃথিবী শান্তি চিনবে।’ এরপর নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন কুজনেতসভ।

দুজনেরই বাড়ি রাশিয়ার মস্কোয়। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটি নিষ্পত্তির জন্য তারা প্রসিকিউটরদের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। তবে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে পাঠানো একটি ই-মেইলের পর সেই সমঝোতার প্রস্তাব বাতিল হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিউইয়র্কের ফৌজদারি আদালতে শুনানিতে হাজির হন এই যুগল। সম্ভাব্য বহিষ্কারের আশঙ্কায় আদালতে নিকোলাউকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

সাংবাদিকদের কুজনেতসভ বলেন, আমরা কোনো সম্পত্তির ক্ষতি করিনি। কাউকে বিপদের মধ্যে ফেলার উদ্দেশ্যও আমাদের ছিল না। আমরা শুধু ভালোবাসার একটি বার্তা দিতে চেয়েছিলাম। এখন নিজেদের পক্ষে লড়াই করতে প্রস্তুত।

নিকোলাউ বলেন, তারা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার ভাষায়, পৃথিবীতে এখন এত কষ্ট ও সংঘাতের মধ্যে তাঁরা এমন একটি পরিবেশনা করতে চেয়েছিলেন, যা মানুষের মনে থেকে যাবে।

শেষ মুহূর্তে ভেস্তে যায় সমঝোতা

এই যুগলের আইনজীবী নোয়াম বিয়ালে জানান, তার মক্কেলেরা অপেক্ষাকৃত ছোট অপরাধের অভিযোগ স্বীকার করার বিনিময়ে প্রসিকিউটরদের একটি প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই সমঝোতা কার্যকর হলে তাদের ‘বিপর্যয়কর অভিবাসন-সংক্রান্ত পরিণতি’ থেকে সুরক্ষা পাওয়ার কথা ছিল।

তবে আদালতের শুনানির আগের রাতেই সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়।

বিয়ালের দাবি, কুজনেতসভকে রাশিয়ায় ফেরত পাঠানো হলে তাকে প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেনের যুদ্ধে পাঠানো হতে পারে। অন্যদিকে শিল্প ও প্রতিবাদী কর্মকাণ্ডের কারণে নিকোলাউ কারাবরণের ঝুঁকিতে পড়তে পারেন বলেও দাবি করেন তিনি।

অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভ চরম উচ্চতায় ভবন ও স্থাপনা বেয়ে ওঠার জন্য পরিচিত। তাদের প্রেমের সম্পর্ক ও ঝুঁকিপূর্ণ এই ‘এক্সট্রিম ক্লাইম্বিং’ জীবন নিয়েই তৈরি হয়েছে ২০২৪ সালের নেটফ্লিক্স তথ্যচিত্র ‘Skywalkers: A Love Story’।

তথ্যচিত্রটি ২০২৪ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়।