...|...|...

বিশ্ব

২৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে উড়ল ৪০তলা সমান বিশ্বের সর্ববৃহৎ রকেট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৪
Shares
২৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে উড়ল ৪০তলা সমান বিশ্বের সর্ববৃহৎ রকেট

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপ আবারও উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এবার ২৬টি নতুন প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেছে রকেটটি। তবে পুরো উৎক্ষেপণব্যবস্থাকে পুনরুদ্ধারের ঐতিহাসিক প্রচেষ্টায় আংশিক সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে স্পেসএক্সের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। ১২৪ মিটার বা ৪০৭ ফুট উচ্চতার স্টারশিপটি প্রায় ৪০ তলা ভবনের সমান।

এই অভিযানে স্পেসএক্সের লক্ষ্য ছিল রকেটের দুটি অংশই আবার উৎক্ষেপণকেন্দ্রে ফিরিয়ে আনা। এরপর উৎক্ষেপণ টাওয়ারে থাকা বিশাল যান্ত্রিক বাহু দিয়ে সেগুলো ধরে পুনরুদ্ধারের পরিকল্পনা ছিল। রকেটের অংশগুলো উদ্ধার করে সংস্কারের পর আবার ব্যবহারের উপযোগী করাই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।

তবে পরিকল্পনা অনুযায়ী সুপার হেভি বুস্টারটি উৎক্ষেপণ টাওয়ারে ফিরতে পারেনি। এর বদলে সেটি আগুনের গোলায় পরিণত হয়ে মেক্সিকো উপসাগরে আছড়ে পড়ে।

বুস্টারটি কেন নির্ধারিত স্থানে ফিরতে ব্যর্থ হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি স্পেসএক্স। তবে নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হয়ে সেটিকে উপকূল থেকে দূরে সমুদ্রে নামার পথে পরিচালিত করে।

অন্যদিকে স্টারশিপের ওপরের অংশ সফলভাবে কক্ষপথে পৌঁছে ২৬টি স্টারলিংক স্যাটেলাইট ছেড়ে দিতে সক্ষম হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীকে প্রায় ১৫ বার প্রদক্ষিণ করার পর শনিবার মহাকাশযানটির টেক্সাসে ফিরে আসার কথা। তখন উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহু দিয়ে স্টারশিপের ওপরের অংশটি ধরে ফেলার চেষ্টা করবে স্পেসএক্স।

এই প্রচেষ্টা সফল হলে কক্ষপথ থেকে ফিরে আসা স্টারশিপ মহাকাশযানকে টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে পুনরুদ্ধারের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি হবে।

এর আগে স্পেসএক্স তিনবার সুপার হেভি বুস্টারকে সফলভাবে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলেছে। তবে স্টারশিপের ওপরের অংশ পুনরুদ্ধার করা তুলনামূলকভাবে আরও কঠিন।

কারণ, কক্ষপথে অত্যন্ত উচ্চগতিতে চলার পর পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় মহাকাশযানটিকে প্রচণ্ড তাপ ও চাপ সহ্য করতে হয়। ফলে ওপরের অংশ নিরাপদে ফিরিয়ে এনে টাওয়ারে ধরে ফেলা স্পেসএক্সের পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।