গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার মাধ্যমে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) প্রযুক্তির স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে। এর ফলে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত নৌযানের অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা জোরদার, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
বিএসসিএল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। বিশাল এই জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে পুরো সমুদ্রসীমায় নিয়মিত নজরদারি নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ।
এ চ্যালেঞ্জ মোকাবিলায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নৌযানের তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। একই সাথে বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।প্রস্তাবিত স্যাটেলাইট ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা একবার পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও সেটি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।
এর ফলে সমুদ্রের কোন এলাকায় কতটি নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার কার্যক্রম বেশি এবং কোনো নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে কি না, তা বিশ্লেষণ করা সম্ভব হবে।
এ ছাড়া অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরিতেও এ প্রযুক্তি সহায়ক হবে।
বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এ স্যাটেলাইটভিত্তিক নজরদারি সেবা চালুর লক্ষ্য রয়েছে।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার মুখে পড়েন জেলেরা। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে চলে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে সেটির সঠিক অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
অনেক সময় নিখোঁজ নৌযান খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়। নতুন স্যাটেলাইট ব্যবস্থা চালু হলে এআইএস সুবিধাসম্পন্ন নৌযানগুলোর অবস্থান ও চলাচল উপকূল থেকে দূরে থাকলেও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এতে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর জন্য বিপদে পড়া নৌযান শনাক্ত করা এবং উদ্ধার অভিযান পরিচালনা সহজ হবে।
পাশাপাশি নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে যাত্রাপথ পরিকল্পনা করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমবে। এতে জ্বালানি সাশ্রয়েরও সুযোগ তৈরি হবে।
বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করতে পারলে একটি নৌযান প্রতি যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রমের দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণ করা যাবে। কোন এলাকায় কতটি নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে-এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ তথ্যভান্ডার তৈরি করা সম্ভব হবে।
এসব তথ্য কাজে লাগিয়ে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করা যাবে। ফলে মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা নেওয়া সম্ভব হবে।
তবে এআইএস প্রযুক্তির মূল কাজ সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা নয়। এ প্রযুক্তি মূলত নৌযানের পরিচয়, অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করে।
সমুদ্রে কোন এলাকায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, পানির রং, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।
অর্থাৎ, এআইএস প্রযুক্তি নৌযানের অবস্থান জানাবে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি মাছ পাওয়ার সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করতে সহায়তা করবে। ভবিষ্যতে এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যনির্ভর মৎস্য ব্যবস্থাপনার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এ সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি আরও জানান, নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।



