দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং জাতীয়করণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।
সভাটির আলোচ্যসূচিতে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি রাখা হয়েছে। মূলত কোন প্রক্রিয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনা যায়, তা নিয়ে আলোচনা হবে।
সভায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরের। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। সভায় যোগ দিতে মোট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে রোববারের সভা গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে কতটি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং এ ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা এখনও নির্ধারিত হয়নি। সভায় এসব বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


