...|...|...

জাতীয়

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ৮:০০
Shares
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দুই দেশের কনস্যুলার সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। পারস্পরিক সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায় ভারত। দুই দেশের মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় যোগাযোগ অব্যাহত রয়েছে। বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের বৈঠক হয়েছে।

জয়সওয়াল জানান, পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ দুই দেশের পারস্পরিক সুবিধা বিবেচনায় নির্ধারণ করা হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।

তিনি আরও বলেন, বিদ্যমান ব্যবস্থার আওতায় কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সাথে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি গণমাধ্যমের সাথে কথা বলেন শেখ হাসিনা। এর পর তার প্রত্যর্পণের দাবি আবারও জানায় বাংলাদেশ।

তবে ওই আয়োজনে ভারতের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছিল নয়াদিল্লি।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে সরকারবিরোধী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস