...|...|...

জাতীয়

২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২২
Shares
২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ছবি: সংগৃহীত

সড়ক নিরাপত্তা জোরদার এবং পেশাদার চালকদের দক্ষতা বাড়াতে ২০ হাজার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী রবিবার (১৫ নভেম্বর) এ কর্মসূচি শুরু হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।

প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এ দুটি প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। বিআরটিসির চলমান কর্মসূচির অংশ হিসেবে ২০ হাজার চালকের জন্য রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় নারীরাও প্রশিক্ষণ নিচ্ছেন। শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। এরই মধ্যে দুটি প্রকল্পের আওতায় অনেক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।

রিফ্রেশার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান বাড়ানো, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাতেমা বেগম জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, বিদ্যমান পেশাদার চালকদের সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উৎসাহিত করা হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দায়িত্ববোধ জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হবে।