...|...|...

জাতীয়

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২১
Shares
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। স্বাস্থ্য খাত নতুন করে সাজানোর পাশাপাশি চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে হবে। চিকিৎসাশাস্ত্রে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং এ খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।

তিনি বলেন, দেশের চিকিৎসাসেবায় নানা জটিলতার কারণে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার উচ্চ ব্যয় অনেকের নাগালের বাইরে।

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়েও চিকিৎসকের সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অদক্ষ চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের আহ্বান জানান তিনি।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা দিতে উৎসাহিত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে অনেকেই গ্রামে কাজ করতে আগ্রহী হন না। আবার কেউ দায়িত্ব নিয়ে গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজে চলে যান। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে মানসিকতার পরিবর্তন জরুরি।

স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব।

পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণ কাম্য নয়। সরকার পরিবর্তনের সাথে সাথে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে পরিবর্তন আনার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের মানুষ ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করে। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের সহযোগিতা এবং দন্তস্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ (স্যুভেনির) উন্মোচন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এছাড়া বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।

সূত্র: বাসস