কলমের যাদুতে মুগ্ধ করেছেন এদেশের সাহিত্যামোদীদের। তার আকাশচুম্বী জনপ্রিয়তায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলা সাহিত্য অনেক বেশি সমাদৃত।
উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক তিনি। বাংলা সাহিত্যের বরপুত্র, নন্দিত কলম জাদুকর হুমায়ূন আহমেদ। সৃজনশীলতার অনন্যতায় তৈরি করেছেন অগণিত হিমু ও মিসির আলি। আজ ১৩ নভেম্বর হিমু ও মিসির আলির স্রষ্টা হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন।
১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম কাজল।
বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান হুমায়ূন আহমেদ। ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা গৃহিণী। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার বড়। জনপ্রিয় কথাসাহিত্যিক জাফর ইকবাল তার ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব। জন্মদিন উদযাপনে আজ বেসরকারি টিভি চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। অন্য প্রকাশ এবং চ্যানেল আই অনলাইনের যৌথ আয়োজনের এই বইমেলায় পাওয়া যাবে হুমায়ূন আহমেদের সব বই। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে।
মেলায় ৩০% কমিশনে পাঠক বই ক্রয় করতে পারবেন। এছাড়াও চ্যানেল আই অনলাইন আয়োজন করেছে 'আমার হুমায়ূন' শিরোনামে ব্যতিক্রমী আয়োজন। চ্যানেল আইয়ের 'গান দিয়ে শুরু' অনুষ্ঠানে সকালে হুমায়ূন আহমেদকে স্মরণ করে সঙ্গীত পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পী প্রান্তি, অথি এবং ইমরান খন্দকার। দুপুর ১টা ০৫ মিনিটে এবং সিনেমার গানে উপভোগ করবেন হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের গান।
নন্দিত এই প্রয়াত লেখকের জন্মদিনে গাজীপুরের নুহাশপল্লীতেও থাকছে বিশেষ অনুষ্ঠান।
চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই আমেরিকায় মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ।


