পলায়ন, অসদাচরণ এবং দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই অভিযোগে পুলিশের আরও এক সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। অন্যদিকে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়ায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত পরিচালনার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ আনা হয়েছে। তিনি পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) হিসেবে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই সময় ১৫ আগস্টের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশনা দেয়া হলেও তিনি তা অনুসরণ করেননি। পরবর্তী সময়ে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের বিরুদ্ধেও ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ছুটি শেষে ২০২৫ সালের ২৩ এপ্রিল কাজে যোগ দেননি। এ বিষয়ে তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় নোটিশ পাঠানোর পাশাপাশি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা হয়। তবে কোনো মাধ্যমে তিনি জবাব দেননি। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে অভিযোগটি ছিল ভিন্ন ধরনের। সিআইডি রংপুরে কর্মরত থাকাকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তিনি দিনাজপুরে যান। ২০২১ সালের ২৩ আগস্ট চিরিরবন্দর এলাকায় লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নেয়ার অভিযোগ ওঠে। পরে তাদের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর একটি বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে এবং পরে মামলায় আদালতে সোপর্দ করে। বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে কর্মস্থল ত্যাগ এবং পরবর্তী সময়ে কাজে যোগ না দেয়ার অভিযোগ আনা হয়। ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি কর্মস্থল ত্যাগ করেন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা জানিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র পাঠালেও কাজে ফেরেননি। তার অবস্থান নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হয়। তবে এসব চেষ্টায় তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাইবান্ধায় কর্মরত থাকাকালে ছুটি শেষে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কর্মস্থলে যোগ দেননি। তার সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ থাকায় কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেনি। পরে তার স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় বিভাগীয় তদন্ত শেষে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
একইভাবে অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামানের বিরুদ্ধে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির সময় তাকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি। ৬০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ার পর ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়ায়দুর রহমানের বিরুদ্ধেও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় মামলা হয়। তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সত্ত্বেও কর্মস্থলে যোগ দেননি। অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার পাশাপাশি তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। তবে তার ক্ষেত্রে চাকরিচ্যুতির প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

