দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ভারতের উত্তরপ্রদেশে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যের মাথায় গুলি লেগেছে। আহত সৌরভ তোমর (২৬) বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। অস্ত্রোপচারে তার মাথা থেকে গুলি বের করা হলেও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উত্তরপ্রদেশের বাগপত জেলার বারাউত এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, দীপাবলির রাতে বাড়ির বাইরে ভাই বিনীত ও মিন্টুর সাথে বাজি ফাটাচ্ছিলেন সৌরভ। এ সময় ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সাথে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগে বলা হয়, উত্তেজনার মধ্যে ধীরজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে লাগে। পরে সেটি সৌরভের মাথার এক পাশে, কানের ঠিক পেছনে আঘাত করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এ সময় ধীরজের ভাই মনু ওরফে প্রবীণ লাঠি দিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পাল্টা সংঘর্ষে মিন্টুও লাঠি দিয়ে প্রবীণকে আঘাত করেন। ঘটনার পর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।
আহত সৌরভকে প্রথমে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মিরাটে নেওয়ার পরামর্শ দেওয়া হলে পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হয়। বর্তমানে আইসিইউতে তার চিকিৎসা চলছে।
সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি দেশটির প্রাচীনতম ও মর্যাদাপূর্ণ অশ্বারোহী রেজিমেন্ট ‘প্রেসিডেন্টস বডিগার্ড’-এর সদস্য হিসেবে রাষ্ট্রপতি ভবনে কর্মরত। দীপাবলি উদযাপনে ছুটি নিয়ে নিজের গ্রামে গিয়েছিলেন তিনি।
স্থানীয়দের দাবি, দুই পক্ষের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা প্রায়ই একসাথে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে অন্য একটি বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
এদিকে, ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।


