...|...|...

বিশ্ব

গ্রিস থেকে এক ফ্লাইটে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৩
Shares
গ্রিস থেকে এক ফ্লাইটে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

ছবি: সংগৃহীত

গ্রিস থেকে ৫১ বাংলাদেশি নাগরিককে বিশেষ চার্টার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবক, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে অবৈধভাবে গ্রিসের নাফপ্লিও এলাকায় যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেশটিতে তার আশ্রয়ের আবেদন (অ্যাসাইলাম) টানা তিনবার প্রত্যাখ্যাত হওয়ার পর বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রোটো থেমার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এথেন্স থেকে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে পাঠানো হয়। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি স্বদেশিদের নাফপ্লিও এলাকায় যেতে উৎসাহিত করেন। সেখানে কাজের সুযোগ রয়েছে এবং অবৈধভাবে বসবাস করলেও পুলিশি তল্লাশি কিংবা বহিষ্কারের মুখে পড়তে হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তাঁর অভিযোগ, এ ধরনের প্রচারণা গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে ভুল বার্তা ছড়ায় এবং মানব পাচারকারী চক্রগুলোকে অবৈধ অভিবাসনে উৎসাহিত করার সুযোগ করে দেয়।

এরপর গ্রিক পুলিশ ওই যুবককে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে মামলা করে। পাশাপাশি তাঁর বসবাসের অনুমতি বাতিল এবং বহিষ্কারের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। গত ২৬ জুন তাঁর বসবাসের অনুমতি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে বহিষ্কারের প্রক্রিয়া সহজ ছিল না। অভিবাসন খাতে কাজ করা একটি বেসরকারি সংস্থার (এনজিও) সহায়তায় দুই আইনজীবী ওই যুবকের পক্ষে আইনি লড়াই চালান। তৃতীয়বারের মতো আশ্রয়ের আবেদনও করেন তিনি। তবে প্রতিবারই আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রণালয়ের কাছে ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করছে। মন্ত্রী প্লেভরিসের মতে, বারবার আবেদন ও আইনি পদক্ষেপের মাধ্যমে কোনো ব্যক্তি দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়ানোর চেষ্টা করলেও আইনগত শর্ত পূরণ না হলে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া কার্যকর করা সম্ভব।

এদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ প্রত্যাবর্তনের হার বেড়েছে ২০ শতাংশ। জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা ৯১৫ থেকে বেড়ে ১ হাজার ২৯২ হয়েছে, যা প্রায় ৪১ শতাংশ বেশি।

গ্রিসের অভিবাসন নীতির অংশ হিসেবে আশ্রয়ের আবেদন দ্রুত যাচাই, অনিয়ম প্রতিরোধ এবং অবৈধভাবে অবস্থানকারীদের প্রত্যাবর্তন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করছে দেশটি।