...|...|...

বিশ্ব

ওজন কমানোর ওষুধে হতে পারে অন্ধত্ব, সতর্ক করল এফডিএ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০২
Shares
ওজন কমানোর ওষুধে হতে পারে অন্ধত্ব, সতর্ক করল এফডিএ

ছবি: সংগৃহীত

ওজন কমানোর জনপ্রিয় ওষুধ জিএলপি-১ ব্যবহারে বিরল এক চোখের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এমনকি এ রোগের কারণে হঠাৎ ও স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সংস্থাটি এখন থেকে জিএলপি-১ শ্রেণির সব ওষুধের লেবেলে এ ঝুঁকির কথা উল্লেখ করার নির্দেশ দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, সোমবার (৯ নভেম্বর) এফডিএ জানায়, ‘নন-আর্টেরিটিক অ্যান্টিরিয়র ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি’ বা ‘নাইন’ (এনএআইওএন) নামের বিরল চোখের রোগের ঝুঁকি সম্পর্কে ওষুধের সতর্কবার্তায় তথ্য যুক্ত করতে হবে। এ তালিকায় রয়েছে নোভো নরডিস্কের ওজেম্পিক ও ওয়েগোভি, এলি লিলির মাউনজারো ও জেপবাউন্ড এবং সানোফির সোলিকুয়ার মতো ওষুধ।

এনএআইওএন এমন একটি সমস্যা, যেখানে চোখের অপটিক নার্ভ বা দৃষ্টিস্নায়ুতে হঠাৎ রক্তপ্রবাহ কমে যায়। এতে সাধারণত ব্যথা ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে এ ক্ষতি স্থায়ী হয়। বর্তমানে এ রোগের কারণে হারানো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার কার্যকর কোনো চিকিৎসা নেই।

ডায়াবেটিস, ধূমপান, উচ্চ রক্তচাপ ও রক্তে অতিরিক্ত কোলেস্টেরল এ রোগের সাধারণ ঝুঁকির কারণ। বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে অপটিক নার্ভের আকস্মিক ক্ষতির অন্যতম প্রধান কারণ এটি। এ বয়সী প্রতি এক লাখ মানুষের মধ্যে বছরে ২ দশমিক ৩ থেকে ১০ দশমিক ২ জন এ রোগে আক্রান্ত হতে পারেন।

এফডিএ জানায়, ২০২৪ সালে ‘জেএএমএ অপথালমোলজি’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার পর জিএলপি-১ ওষুধের সঙ্গে এ রোগের সম্ভাব্য সম্পর্ক নিয়ে অনুসন্ধান শুরু হয়। গবেষণায় এসব ওষুধ ব্যবহারকারীদের মধ্যে এনএআইওএন-এর ঝুঁকি বেশি থাকার ইঙ্গিত পাওয়া যায়।

পরবর্তী সময়ে ১ লাখ ৩৪ হাজার ২০০ জনের বেশি রোগীর ওপর পরিচালিত ১২৬টি ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য পর্যালোচনা করে এফডিএ। এতে এনএআইওএন-এর ১৫টি সম্ভাব্য ঘটনা শনাক্ত হয়। এর মধ্যে ১০ জন ছিলেন জিএলপি-১ ওষুধ গ্রহণকারী এবং পাঁচজন প্লাসিবো গ্রহণকারী। তবে জিএলপি-১ ছাড়া অন্য গ্লুকোজ কমানোর ওষুধ গ্রহণকারীদের মধ্যে এমন কোনো ঘটনা পাওয়া যায়নি।

সংস্থাটির হিসাবে, জিএলপি-১ ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে প্রতি এক লাখ ব্যক্তি-বছরে এনএআইওএন আক্রান্তের হার ৬ দশমিক ৪। অন্যদিকে প্লাসিবো বা বিকল্প গ্লুকোজ কমানোর ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে এ হার ৩ দশমিক ৮।

এফডিএর ভাষ্য, বাজারে থাকা সব ধরনের জিএলপি-১ আরএ ওষুধ ব্যবহারের ক্ষেত্রেই এনএআইওএন আক্রান্ত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। তাই এসব ওষুধের লেবেলে সতর্কতা ও সাবধানতা অংশে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এফডিএর ঘোষণার পর নোভো নরডিস্ক জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য জিএলপি-১ ওষুধের সঙ্গে এনএআইওএন-এর সরাসরি কার্যকারণ সম্পর্ক প্রমাণ করে না। তবে রোগীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওষুধগুলোর ঝুঁকি ও উপকারিতা নিয়মিত পর্যালোচনা করছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে এলি লিলি ও সানোফির কাছেও মন্তব্য চেয়েছে দ্য গার্ডিয়ান।

মূলত টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে জিএলপি-১ ওষুধ ব্যবহার করা হয়। এর কয়েকটি ওষুধ স্থূলতা ও অতিরিক্ত ওজন কমাতেও অনুমোদিত। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়াই কেবল সৌন্দর্যচর্চার উদ্দেশ্যে এসব ওষুধ ব্যবহারের প্রবণতাও রয়েছে।

এদিকে, ওজন কমানোর জিএলপি-১ ওষুধের প্রতি ওষুধ কোম্পানিগুলোর অতিরিক্ত মনোযোগ বিশ্বজুড়ে ইনসুলিন সরবরাহে ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে নেদারল্যান্ডসের অলাভজনক সংস্থা অ্যাকসেস টু মেডিসিন ফাউন্ডেশন।