...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় বাবা-সন্তানসহ ৮ ফিলিস্তিনি নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪২
Shares
গাজায় ইসরায়েলি হামলায় বাবা-সন্তানসহ ৮ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এক বাবা ও তার ১৩ বছর বয়সী সন্তানসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) গাজা সিটির দারাজ এলাকায় ঘুবাইন পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হন। একই শহরের জাইতুন এলাকায় একটি তাঁবুতে চালানো পৃথক বিমান হামলায় প্রাণ হারান এক বাবা ও তাঁর সন্তান। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হন।

পরবর্তী সময়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন। সব মিলিয়ে হামলায় অন্তত আটজনের প্রাণহানি হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, সপ্তাহান্তে মৌসুমের প্রথম শক্তিশালী ঝড়ে গাজার ভয়াবহ মানবিক সংকট আরও বেড়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ঝড়ে প্রায় ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গাজার বাসিন্দাদের জন্য জরুরি আশ্রয় ও মানবিক সহায়তা প্রবেশেও বাধা রয়েছে। ইসরায়েল ৬০ হাজার ভ্রাম্যমাণ ঘর এবং ২ লাখ তাঁবু প্রবেশে বাধা দিচ্ছে। এখন পর্যন্ত মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অথচ দীর্ঘ যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও বিধিনিষেধ বহাল রেখেছে ইসরায়েল।

অন্যদিকে, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে সমঝোতাকারীরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকাগুলো থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।